“রাজ্যে অশুভ শক্তির বিনাশ হবেই”, হনুমান জয়ন্তীতে পুজো দিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ অর্জুনের!

ব্যারাকপুরের রাজনৈতিক সমীকরণ ফের উত্তাল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হারের ধাক্কা কাটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের ময়দানে স্বমহিমায় ফিরছেন অর্জুন সিং। এবার বিজেপি তাঁকে প্রার্থী করেছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া কেন্দ্র থেকে। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রাজ্য থেকে ‘অশুভ শক্তি’ বিনাশের ডাক দেন তিনি।
তবে কেবল নির্বাচনী ময়দানেই নয়, আইনি পথেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। জগৎদলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতাদের বিকৃত ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অর্জুনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন।
অর্জুন সিং জানান, “আমি নিজেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব। বিচারব্যবস্থা ও গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।” একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, অবিলম্বে পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়া উচিত। নোয়াপাড়ায় অর্জুনের এই এন্ট্রি এবং সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি রাজ্যের বিধানসভা ভোটের পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল।