বায়ুসেনার গোপন ডেরায় আইএসআই এজেন্ট! চাবুয়া ঘাঁটি থেকে ধৃত সুমিতের ল্যাপটপে মিলল মিসাইল ও যুদ্ধবিমানের ব্লু-প্রিন্ট

অসমের চাবুয়া বায়ুসেনা ঘাঁটিতে ঘাপটি মেরে বসে থাকা এক আইএসআই (ISI) চরের পর্দাফাঁস করল রাজস্থান পুলিশ ও সামরিক গোয়েন্দারা। ধৃত সুমিত কুমার ওই ঘাঁটিতে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, গত তিন বছর ধরে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিলেন তিনি।
২০২৩ সাল থেকে চাবুয়া এয়ারবেসে কর্মরত সুমিত আসলে বায়ুসেনার তথ্য ভাণ্ডারের নাড়ি নক্ষত্র জানতেন। গোয়েন্দা সূত্রে খবর, প্রতিটি তথ্যের বিনিময়ে আইএসআই-এর কাছ থেকে ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিতেন তিনি। ২০২৬ সালে জয়সলমীর থেকে এক পাক গুপ্তচরকে গ্রেফতার করার পর জেরায় সুমিতের নাম উঠে আসে। এরপরই রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল ফোর্ট উইলিয়াম ও শিলংয়ের বায়ুসেনা সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে চাবুয়া থেকে তাঁকে পাকড়াও করে।
সুমিতের কম্পিউটার থেকে উদ্ধার হয়েছে যুদ্ধবিমান এবং মিসাইল সম্পর্কিত অতি গোপনীয় নথি। বিশেষ করে চিন ও বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর পরিকাঠামো, মিসাইল মোতায়েনের নিখুঁত অবস্থান তিনি পাচার করেছেন। এমনকি তাঁর কাছ থেকে একটি বিশেষ ব্লুটুথ ডিভাইসও উদ্ধার করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের আকাশসীমার নিরাপত্তা বিঘ্নিত করতেই এই গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।