বাদুড়িয়ায় তোলপাড়! গোপন আস্তানা থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকা, গ্রেফতার তৃণমূল পুরপ্রধান

ফের শিরোনামে রাজ্যের শাসক দল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাঁর একাধিক ডেরায় হানা দিয়ে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী।

সোমবার দিনভর তল্লাশি চালিয়ে প্রথমে তৃণমূল নেতার পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরেই রাতে তাঁর অন্য একটি গোপন আস্তানায় হানা দেওয়া হয়। সেখানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! বান্ডিল বান্ডিল নোটে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

তৃণমূল নেতার এই কাণ্ডে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছে। বিভিন্ন জায়গায় সরকারি ত্রাণ চুরিসহ একাধিক অভিযোগের জেরে রাজ্যজুড়ে শাসক দলের নেতাদের ধরপাকড় অব্যাহত। এই ঘটনায় কীভাবে সরকারি ত্রিপল নেতার বাগানবাড়িতে পৌঁছাল এবং কেনই বা গোপন ডেরায় এত টাকা মজুত রাখা হয়েছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ নগদের উৎস সন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-ও নজর রাখছে। গোটা ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy