সস্তার স্মার্টফোন বাজারে বড়সড় চমক দিতে চলেছে আইটেল (Itel)। গত বছরের জনপ্রিয় মডেল Itel A90-এর সাকসেসর হিসেবে ভারতে খুব শীঘ্রই পা রাখছে Itel A100। বাজেট সেগমেন্টে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এই ফোনে থাকছে একগুচ্ছ আধুনিক ফিচার। কোম্পানি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ ফোনের টিজার প্রকাশ করেছে এবং এর জন্য বিশেষ মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে।
কী কী থাকছে এই ফোনে? রিপোর্ট অনুযায়ী, Itel A100 ফোনে থাকছে ফ্ল্যাট ফ্রেম এবং ম্যাট ফিনিশ বডি, যা ফোনটিকে একটি অভিজাত লুক দেবে। ব্যাক প্যানেলে থাকছে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল, যেখানে দুটি বড় গোলাকার লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ‘UltraLink’ ফিচার। দাবি করা হচ্ছে, এই ফিচারের মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক বা সিম কার্ড না থাকলেও নির্দিষ্ট কিছু ডিভাইসে ভয়েস কল করা সম্ভব হবে।
এছাড়া দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে থাকছে ৫০০০mAh এর শক্তিশালী ব্যাটারি এবং স্মুদ পারফরম্যান্সের জন্য ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। ফোনটি পিওর ব্ল্যাক, সিল্ক গ্রিন এবং টাইটানিয়াম গোল্ড—এই তিনটি আকর্ষণীয় রঙে লঞ্চ হবে। মনে করা হচ্ছে, ৮০০০ টাকার মধ্যেই ভারতীয় বাজারে মিলবে এই হ্যান্ডসেট। লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, বাজেট প্রেমীদের মধ্যে ইতিমধ্য়েই উদ্দীপনা তুঙ্গে।