কয়েক সপ্তাহ ধরে আকাশছোঁয়া দামের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সোনা ও রুপোর ক্রেতারা। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই দেশের বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। গত মাসে যেখানে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৭০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল, সেখানে বাজেটের প্রভাবে সেই দাম এখন অনেকটাই নিম্নমুখী।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাজেটের কিছু বিশেষ ঘোষণার প্রভাবেই এই দরের পতন। আজকের বাজার দর অনুযায়ী, কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৫৩০ টাকা। অথচ মাত্র কয়েকদিন আগেও এই দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার টাকার উপরে। অর্থাৎ সরাসরি প্রায় ৯ হাজার টাকারও বেশি পতন। অন্যদিকে, ২২ ক্যারেট গয়না সোনার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা, যা মধ্যবিত্তের জন্য বড় সুখবর।
শুধু সোনাই নয়, রুপোর দামেও দেখা গেছে অবিশ্বাস্য ধস। গত কয়েকদিন আগেই এক কেজি রুপোর দাম ৩ লক্ষ ৭৮ হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল। আজ সেই দাম কমে দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৭৪ হাজার ৪০৭ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ১ লক্ষ টাকারও বেশি সস্তা হয়েছে রুপো। তবে মনে রাখবেন, এই উল্লিখিত দামের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি (GST)।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দামের এই আকস্মিক পতন ক্রেতাদের উৎসাহিত করছে। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে-র মতে, এই পতন সাময়িক হতে পারে, তাই সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকলে এটাই উপযুক্ত সময়।
আজকের বাজার দর (জিএসটি ছাড়া):
২৪ ক্যারেট (১০ গ্রাম): ১,৫১,৫৩০ টাকা
২২ ক্যারেট (১০ গ্রাম): ১,৩৮,৯০০ টাকা
১৮ ক্যারেট (১০ গ্রাম): ১,১৩,৬৫০ টাকা
রুপো (১ কেজি): ২,৭৪,৪০৭ টাকা