“বাইক রাইডার থেকে ডেলিভারি বয়”-এবার PF-এর সুবিধা পাবেন অসংগঠিত খাতের কর্মীরাও

দেশের কোটি কোটি অসংগঠিত খাতের কর্মী, ডেলিভারি পার্টনার, ক্যাব চালক এবং ফ্রিল্যান্সারদের জন্য সুখবর। এতদিন যারা ইম্প্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) আওতার বাইরে ছিলেন, শীঘ্রই তাঁরাও পেতে চলেছেন পিএফ-এর সুবিধা। টাইমস অফ ইন্ডিয়ার একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, EPFO এমন একটি পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে, যার মাধ্যমে সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভর কর্মীরাও স্বেচ্ছায় পিএফ স্কিমে টাকা জমা রাখতে পারবেন।
কেন এই উদ্যোগ? বর্তমানে নিয়ম অনুযায়ী, কেবলমাত্র ২০ বা তার বেশি কর্মী রয়েছে এমন সংস্থায় কর্মরত ব্যক্তিরাই পিএফ-এর সুবিধা পান। এর ফলে দেশের গিগ ইকোনমির সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক মানুষ সামাজিক সুরক্ষার বাইরে থেকে যাচ্ছেন। এই ব্যবধান দূর করতেই সরকার এবার অসংগঠিত খাতের জন্য নতুন রাস্তা খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে।
কী কী সুবিধা পেতে পারেন অসংগঠিত খাতের কর্মীরা? নতুন প্রস্তাবিত এই স্কিমে আয়ের অনিশ্চয়তার কথা মাথায় রেখে বিশেষ নমনীয়তার কথা ভাবা হচ্ছে:
স্বেচ্ছাধীন জমার সুযোগ: সদস্যরা তাদের সামর্থ্য অনুযায়ী টাকা জমা রাখতে পারবেন।
জমা দেওয়ার সুবিধাজনক পদ্ধতি: ফ্রিল্যান্সার বা গিগ কর্মীদের আয়ের কোনো নির্দিষ্ট তারিখ থাকে না। তাই তারা দৈনিক, মাসিক বা বছরে যেকোনো সময় প্রয়োজন মতো পিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন।
অবসরকালীন নিরাপত্তা: প্রস্তাবটি চূড়ান্ত হলে লক্ষ লক্ষ মানুষ ভবিষ্যতে অবসরকালীন সঞ্চয়ের বড় সুবিধা পাবেন।
পরিকাঠামো তৈরির কাজ শুরু সরকারিভাবে এখনও এই স্কিমটি চূড়ান্ত অনুমোদন না পেলেও, এর প্রস্তুতি জোরকদমে চলছে। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে, এই নতুন এবং বিশাল তথ্যভাণ্ডার সামলানোর জন্য প্রয়োজনীয় আইটি (IT) পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে EPFO একটি টেন্ডারও প্রকাশ করেছে, যা এই স্কিমটি বাস্তবায়নেরই প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, এই প্রস্তাব কার্যকর হলে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে সুরক্ষার ছাতার নিচে আসতে পারবেন দেশের অসংগঠিত খাতের কর্মীরা।