‘বাইক নিয়ে অপেক্ষা করছিল একজন!’ শাহজাহানের সাক্ষীর গাড়িতে ধাক্কা, চালকের পলায়ন ঘিরে ‘খুনের ছক’ নিশ্চিত

শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষের মৃত্যুর ঘটনাটি এখন ভয়াবহ দুর্ঘটনা থেকে চরিত্র বদলে ‘খুনের ছক’-এ পরিণত হয়েছে। এই ঘটনা ঘিরে অভিযোগের পারদ তুঙ্গে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, “দুর্ঘটনার পরেই ট্রাকচালক গাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে। ওখানেই আগে থেকেই একজন ব্যক্তি একটি বাইক নিয়ে অপেক্ষা করছিলেন। এরপর অভিযুক্ত ট্রাকচালক সঙ্গে সঙ্গে তাতে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীর এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, পুরো ঘটনাটিই হয়তো পূর্বপরিকল্পিত ছিল। এর ফলে প্রশ্ন উঠেছে—তাহলে কি শেখ শাহজাহান জেলে বসেই মামলার মূল সাক্ষীকে খুনের ছক কষেছিলেন? এই সুপরিকল্পিত পলায়নের ঘটনা দুর্ঘটনার পিছনে থাকা ষড়যন্ত্রের অভিযোগকে আরও শক্তিশালী করছে। পুলিশ পলাতক ট্রাকচালক এবং বাইক আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছে।