বাংলা দখলের ব্লু প্রিন্ট তৈরি বিজেপির! ২০২৬-এ বিধানসভা ভোটের মুখ কে? রণকৌশল পদ্ম শিবিরে

সামনেই বিধানসভা নির্বাচন। আর এক বছরও বাকি নেই। তাই এখন থেকেই ভোট রণকৌশল তৈরি করতে শুরু করেছে বিজেপি। দলের একটি সূত্র বলছে, প্রচারের পাশাপাশি নির্বাচনী কৌশলের ব্লু প্রিন্টও তৈরি করছে পদ্মশিবির। বিশেষ করে ১৪১টি বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে ঘুঁটি সাজানো হচ্ছে।

বিজেপি সূত্রে খবর, এবারও বাংলায় নির্বাচনের প্রধান মুখ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তুলে ধরা হবে। বিজেপি ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে না। নির্বাচনে জিতলে বিধায়করাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। দলের এক নেতা জানিয়েছেন, মোদীই তাদের সবথেকে শক্তিশালী অস্ত্র, তাই ভোট প্রচারে তাঁকে কৌশলগতভাবে ব্যবহার করা হবে।

রাজ্য বিজেপি নেতারা চাইছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন তাঁর প্রতিটি বাংলা সফরে জনসভা করেন। আগামী ১৪ সেপ্টেম্বর সেনার একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর পশ্চিমবঙ্গে আসার কথা। সেই সময়েও একটি জনসভা করার জন্য আবেদন জানানো হয়েছে। তবে এখনো কেন্দ্রীয় বিজেপি এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। উল্টো দিল্লি থেকে রাজ্য নেতৃত্বকে পরামর্শ দেওয়া হয়েছে, আগে নিজেদের মধ্যেকার কোন্দল মিটিয়ে একজোট হয়ে লড়াই করতে, তাহলেই আসন সংখ্যা বাড়বে।

বিজেপি সূত্রের খবর, ১৪১টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে পর্যালোচনা করা হয়েছে। যে আসনগুলিতে বিজেপি শক্তিশালী অথবা গত নির্বাচনে অল্পের জন্য হেরেছে, সেখানে প্রথম থেকেই বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়াও, ৪৭টি আসনকে ‘দোদুল্যমান’ হিসেবে চিহ্নিত করে সেখানে জনসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যে আসনগুলিতে বিজেপি তুলনামূলক দুর্বল, সেখানে আপাতত কোনো রণকৌশল তৈরি করা হবে না। দলের প্রথম লক্ষ্য হলো নিজেদের শক্তিশালী ঘাঁটিগুলোকে আরও মজবুত করা।