বাংলা থেকে মহালয়ার পর জিএসটি চালু, দুই স্তরে কমবে পণ্যের দাম, কলকাতায় এসে জানালেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ কলকাতায় এসে ‘নেক্সট জেন জিএসটি’ (Next Gen GST) সংস্কার নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি জানান, মহালয়ার পর, অর্থাৎ আগামী ২২ অক্টোবর থেকে সারা দেশে নতুন দুই স্তরের জিএসটি কার্যকর হতে চলেছে। এই প্রথম তিনি ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কলকাতায় এলেন।
জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে আয়োজিত অনুষ্ঠানে নির্মলা সীতারমণ হালকা মেজাজে বাঙালিকে এই নতুন জিএসটির সুবিধাগুলি বোঝান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই এই নতুন হার নবরাত্রির ঠিক আগে কার্যকর করা হচ্ছে। এর ফলে বাংলার মানুষ পুজোর কেনাকাটায় বিশাল সুবিধা পাবেন।
‘যত খুশি রসগোল্লা খান’
অর্থমন্ত্রী রসিকতা করে বলেন, “পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন।” তিনি জানান, দুধ, পনির, দইয়ের ওপর থেকে জিএসটি ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পনিরের নাম উল্লেখ করে তিনি হেসে বলেন, “বেঙ্গল, পনির থেকে সমস্ত কর তুলে নেওয়া হয়েছে। পুজো শুরু করুন আনন্দে, হাসিমুখে। যত খুশি রসমালাই আর রসগোল্লা খান।”
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি নতুন জিএসটির সুবিধাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের পছন্দমতো কেনাকাটা করতে পারবে এবং বাজেট নিয়ে চিন্তায় থাকবে না। এই নতুন সংস্কারের ফলে দেশের সাধারণ মানুষ পুরোপুরি উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।