২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বাংলায় প্রথম নির্বাচনী জনসভায় কার্যত ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “এবারের নির্বাচনে বাংলা থেকে ভয় পালাবে।” বক্তব্যের মাঝেই খাঁটি বাংলায় কথা বলে উত্তরবঙ্গের মানুষের মন জয় করার চেষ্টা করেন তিনি।
“পাপের হিসাব হবে”: মোদীর চরম হুঁশিয়ারি
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলে মোদী এদিন সাফ জানান, ভয় দেখানোর দিন শেষ হয়ে আসছে। তিনি বলেন:
“তৃণমূলের গুণ্ডারা ভয় দেখালেও আপনারা আইনের ওপর ভরসা রাখুন। ৪ মে-র পর এদের করা সব পাপের সম্পূর্ণ হিসাব হবে। আইন নিজের কাজ করবে, সে যত বড় গুণ্ডাই হোক না কেন—কারও রেহাই নেই!”
মালদহ কাণ্ড ও গণতন্ত্রের রক্তক্ষরণ:
মালদহের মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা তুলে ধরে মমতা সরকারকে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, “যে রাজ্যে বিচারক এবং সংবিধান সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? তৃণমূল সরকার রোজ গণতন্ত্রকে রক্তাক্ত করছে।”
লুঠের টাকা ফেরানোর প্রতিশ্রুতি:
বাংলার মানুষের টাকা যারা লুঠ করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন মোদী। তিনি প্রতিশ্রুতি দেন যে, প্রত্যেক দুর্নীতিবাজকে লুঠের টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে। সভা শুরুর আগেই ‘এক্স’ হ্যান্ডেলে ভিড়ের ছবি পোস্ট করে মোদী দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার বিজেপির পক্ষে জোরালো হাওয়া বইছে।





