বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কয়লা মাফিয়াদের ‘কন্ট্রোল রুমে’ ইডি-র সাত সকালে হানা, ২২টি জায়গায় তল্লাশি; সামনে এল ‘প্যাড’ রহস্য

সাত সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ব্যাপক তল্লাশি অভিযানে তোলপাড় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। বেআইনি কয়লা, বালি, লোহা এবং পাথর কারবারিদের সিন্ডিকেট ভাঙতে শুক্রবার সকালে একযোগে রাজ্যের ২২টি জায়গা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ১২টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি-র মূল অভিযানগুলির মধ্যে অন্যতম ছিল বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্টের ঠিক সামনে কয়লা কারবারিদের সিন্ডিকেটের একটি অস্থায়ী নিয়ন্ত্রণ কেন্দ্র বা অফিস। পাশাপাশি, দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায়, বিশেষত বিধাননগরের শালারপুরিয়া আবাসনে কয়লা মাফিয়াদের ফ্ল্যাটেও ভোর থেকে তল্লাশি শুরু হয়।

চেকপোস্টের পাশে চলত কালো সাম্রাজ্য:
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই অস্থায়ী অফিস থেকেই কার্যত রাজ্যজুড়ে কয়লা পাচার নিয়ন্ত্রণ করা হতো। ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে ঢোকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়লার লরিগুলিকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য এই কন্ট্রোল রুম থেকে বিশেষ ‘প্যাড’ সরবরাহ করা হতো।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, এই ‘প্যাড’ হলো আসলে স্থানীয় থানাকে ‘সেটিং’ করা একটি গোপন কাগজ, যা পুলিশের হাতে পড়লে লরিগুলিকে সহজেই ছাড় দেওয়া হতো। আশ্চর্যের বিষয়, পুলিশের চেকপোস্টের নাকের ডগায় এমন একটি বেআইনি সিন্ডিকেট চললেও কুলটি থানার পুলিশ নাকি তা জানতেন না! গোপন সূত্রে খবর পেয়ে ইডি হানা দিলেও, ওই অফিসে কাউকে পাওয়া যায়নি।

বালি কারবারির বাড়িতেও তল্লাশি:
কয়লা পাচার সিন্ডিকেটের পাশাপাশি, খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া ব্লকের মধ্যবর্তী খোট্টাডিহি গ্রামে বেআইনি বালি কারবারি যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও আজ সকালে ইডি অভিযান শুরু করে। এই অভিযান কি শুধুমাত্র বালি কারবার, নাকি বৃহত্তর কয়লা পাচার মামলার সূত্র ধরে—তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় সিবিআই এখনও পর্যন্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় আসানসোল আদালতে সমালোচিত হয়েছে।

এই অভিযান প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই রাজ্যের জেলায় জেলায় বালি, কয়লা, লোহা ও পাথরের মাফিয়ারা ফুলেফেঁপে উঠেছে। বালির দাম আজ আকাশ ছুঁয়েছে।”

ইডি-র এই সাঁড়াশি অভিযানের পর কী কী গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর সকলের।