“বাংলার দিকে তাকালে পাকিস্তান ক’টুকরো হবে ভগবানই জানেন!” রাজনাথের রণহুঙ্কার

কলকাতায় হামলা চালানোর পাক হুমকির পালটা কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ব্যারাকপুরের এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের উস্কানিমূলক বক্তব্যের ফল ভালো হবে না। রাজনাথের হুঙ্কার, “৫৫ বছর আগে পাকিস্তান দু-ভাগ হয়েছিল। এবার যদি বাংলার দিকে চোখ তোলে, তবে পাকিস্তান আর কত টুকরো হবে, তা শুধু ভগবানই জানেন।”

সম্প্রতি শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছিলেন, “ভারত যদি কোনো অপারেশন চালানোর চেষ্টা করে, তবে আল্লাহর ইচ্ছায় আমরা যুদ্ধকে কলকাতায় নিয়ে যাব।” এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন গর্জে ওঠেন রাজনাথ সিং। তিনি পাকিস্তানকে ১৯৭১-এর হারের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ভারতের সাহায্যেই বাংলাদেশের জন্ম হয়েছিল এবং সেই সময় পাক সেনাবাহিনী কী চরম পরিণতি ভোগ করেছিল, তা ইতিহাস সাক্ষী।

গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল। তাঁর সাফ কথা, পাকিস্তান যদি ফের কোনও হঠকারিতা করার চেষ্টা করে, তবে ভারতীয় সেনাবাহিনী এমন জবাব দেবে যা তারা কখনও ভুলতে পারবে না। কলকাতার ওপর আঘাতের হুমকিকে ‘প্ররোচনামূলক’ বলে উড়িয়ে দিয়ে রাজনাথ সিং কার্যত পাকিস্তানকে শেষ সতর্কবার্তা দিয়ে রাখলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy