বাংলায় শুরু ‘SIR’! আপনার নাম কি ২০০২ সালের ভোটার তালিকায় আছে? এক্ষুনি চেক করার সহজ উপায় জানুন

পশ্চিমবঙ্গে সার্ভে, ইন্টিগ্রেশন অ্যান্ড রিভিশন (SIR) প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে। এই নিয়ে নির্বাচন কমিশনের (ECI) প্রস্তুতি এখন তুঙ্গে। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ার পর এবার কমিশনের নজরে বাংলা। সূত্রের খবর, SIR-এর ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বিহারকে মডেল হিসেবে ধরলে, বাংলাতেও কমিশন শেষ SIR নথিকেই ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।

২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, জানবেন যেভাবে:

১. প্রথমে Google-এ ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করুন অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করুন। ২. ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি রাজ্যের একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের জেলাটি সিলেক্ট করতে হবে। ৩. জেলা সিলেক্ট করার পর বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখা যাবে। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্রটি বেছে নিন। ৪. এরপর আপনি যে বুথে বা স্কুলে ভোট দেন, সেই ভোটকেন্দ্র বা বুথটিকে খুঁজে তাতে ক্লিক করতে হবে। ৫. ভোটকেন্দ্র খুঁজে পাওয়ার পর সেটির পাশে থাকা ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। ৬. এরপরেই আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখান থেকে আপনার নাম ও অন্যান্য তথ্য দেখে নিতে পারেন।

আপনার BLO কে? কীভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন?

SIR প্রক্রিয়ার মূল দায়িত্ব বুথ লেভেল অফিসারদের (BLO) কাঁধেই বর্তায়। কিন্তু আপনি আপনার BLO-কে কীভাবে জানবেন বা তাঁর সাথে যোগাযোগের দরকার হলে কী করবেন?

নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি ‘Book-a-Call with BLO’-এর মাধ্যমে তাঁদের বুথ লেভেল অফিসার বা BLO-এর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এর জন্য আপনাকে ecinet অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপের ‘Connect with election officials’ বিভাগে গিয়ে আপনার এপিক নম্বর (EPIC Number) টাইপ করলেই BLO সংক্রান্ত সমস্ত তথ্য আপনার স্ক্রিনে চলে আসবে।

পাশাপাশি, ECI একটি হেল্পলাইনও চালু করেছে। টোল ফ্রি নম্বরটি হল 1800-11-1950। এই পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে। ভোট সংক্রান্ত যে কোনো রকম তথ্য, মতামত এবং অভিযোগ 1950 নম্বরে জানানো যাবে। এছাড়াও, অভিযোগ জানাতে complaints@eci.gov.in মেল আইডিও ব্যবহার করা যাবে।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কমিশন নির্দেশ দিয়েছে যে তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য স্টেট কন্ট্যাক্ট সেন্টার (SCC) এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার (DCC) তৈরি করে। এই কেন্দ্রগুলোকে যেকোনো অভিযোগ ও প্রশ্নের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।