বাংলায় কি তবে সত্যিই ‘কালো জাদু’ হয়, চাঞ্চল্যকর দাবি করে বিতর্কে কুমার শানুর ছেলে

বাঙালি মানেই নাকি কালো জাদু বা জাদুবিদ্যায় পারদর্শী। ভারতের অনেক রাজ্যেই এমন ধারণা প্রচলিত। এবার সেই ধারণাকেই উস্কে দিলেন জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু। অভিনেতা পরশ ছাবড়ার একটি শো’তে এসে তিনি যে কথাগুলো বলেছেন, তা শুনে অনেকেই অবাক। তাঁর এই মন্তব্যের জেরে বাঙালি মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিগ বসে সুযোগ পেতে কি কালো জাদু করেছিলেন?
জান কুমার শানুকে প্রশ্ন করা হয়েছিল, ‘বিগ বস ১৪’-এ তিনি কি স্বজনপোষণের কারণে সুযোগ পেয়েছিলেন? এর উত্তরে জান বলেন, স্বজনপোষণ নয়, তিনি নাকি কালো জাদুর সাহায্য নিয়েছিলেন। তিনি যোগ করেন, তিনি বাংলার ছেলে এবং বাংলায় কালো জাদুতে সবাই খুব পারদর্শী।

জান দাবি করেন, কলকাতায় তাঁর এক মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল, যিনি মানুষকে পশুতে বদলে দিতে পারতেন। সেই মহিলা নাকি তাঁকে ছাগবলি দিতে বলেছিলেন। জান পশুবলি দেওয়ার পরই ‘বিগ বস’-এর অফার আসে তাঁর কাছে।

মজা না বাস্তব?
এই চাঞ্চল্যকর মন্তব্যের পর হঠাৎই নিজের বক্তব্য বদলে ফেলেন জান। তিনি বলেন, তিনি মজা করছিলেন। তবে তাঁর এই ‘মজা’ বাঙালিরা ভালোভাবে নেননি। অনেকেই বলছেন, “এভাবে বিষয়টা নিয়ে মজা না করলে কি চলছিল না? বাইরের মানুষ যা ভাবে, আপনি বাঙালি হিসেবে সেই ভুল ধারণাকেই তো প্রশ্রয় দিলেন।” জানের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।