ইউটিউবার থেকে হাসপাতালের মালিক, খান স্যারের কোটি টাকার ভুল ধরিয়ে দিল কে

জনপ্রিয় ইউটিউবার এবং শিক্ষক খান স্যার সম্প্রতি পাটনায় একটি হাসপাতাল তৈরি করছেন, যেখানে তিনি সরকারি হাসপাতালের থেকেও কম খরচে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবেন। এই হাসপাতালটিতে ব্লাড ব্যাঙ্ক, ডায়ালিসিস সেন্টার এবং ক্যান্সার হাসপাতালের মতো আধুনিক সুবিধা থাকবে। হাসপাতালটির কাজ দ্রুত গতিতে চলছিল এবং খান স্যার নিজেও তার অগ্রগতি সামাজিক মাধ্যমে তুলে ধরছিলেন। কিন্তু সম্প্রতি একটি ঘটনায় তিনি রীতিমতো অবাক হয়েছেন।
সম্প্রতি একটি ভিডিওতে খান স্যার জানান, তার হাসপাতালের অপারেশন থিয়েটারে (OT) তিনি মার্বেলের মতো দেখতে অত্যন্ত দামি টাইলস লাগিয়েছিলেন। কিন্তু পরিদর্শনের সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। প্রথমে তিনি অবাক হলেও কারণটি জেনে আরও বিস্মিত হন।
কর্মকর্তারা তাকে জানান, অপারেশান থিয়েটারে টাইলস লাগানো স্বাস্থ্যসম্মত নয়। কারণ দুটি টাইলসের সংযোগস্থলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের মতো ক্ষুদ্র অণুজীব লুকিয়ে থাকতে পারে, যা খালি চোখে দেখা যায় না। এই জীবাণুগুলো রোগীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
‘রোগী’ নয়, ‘অতিথি’
এই নির্দেশনার পর খান স্যার অপারেশান থিয়েটারের মেঝে থেকে টাইলস সরিয়ে ফেলেন এবং তার বদলে বিশেষ ধরনের OT ম্যাট লাগান, যা দেখতে মার্বেলের মতোই কিন্তু এর কোনো সংযোগস্থল নেই। এই ম্যাট ব্যবহার করলে জীবাণু লুকিয়ে থাকার কোনো সুযোগ থাকবে না।
খান স্যার আরও জানান, তার হাসপাতালে কাউকে ‘রোগী’ বা ‘কেস’ বলা হবে না। তার মতে, একজন অসুস্থ ব্যক্তি এমনিতেই মানসিকভাবে দুর্বল থাকেন, তাকে রোগী বললে তার আত্মবিশ্বাস আরও কমে যায়। তাই তার হাসপাতালে প্রত্যেককে ‘অতিথি’ হিসেবে সম্বোধন করা হবে।