বাংলাদেশে স্কুলের উপরে ভেঙে পড়ল বিমান, মৃত ১, হাসপাতালে ভর্তি কমপক্ষে ২০ জন

আজ, সোমবার দুপুরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে এবং কমপক্ষে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে, বিমানটি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় বিল্ডিংটির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন, এবং তারা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজে সহায়তা করার জন্য ২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।