বাংলাদেশে থামছেই না রক্তপাত, এবার নওগাঁয় চোর সন্দেহে তাড়া খেয়ে প্রাণ হারালেন হিন্দু যুবক!

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চলা ধারাবাহিক সহিংসতার আবহে যুক্ত হলো আরও একটি মর্মান্তিক প্রাণহানি। এবার নওগাঁ জেলার মহাদেবপুরে চুরির সন্দেহে একদল উন্মত্ত জনতার তাড়া খেয়ে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী হিন্দু যুবক মিঠুন সরকার। মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নওগাঁর ভান্ডারপুর গ্রামের বাসিন্দা মিঠুনকে দুপুর নাগাদ হাট চকগৌরি বাজারে ‘চোর’ সন্দেহে একদল যুবক ধাওয়া করে। আত্মরক্ষার্থে তিনি বাজারের পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে মহাদেবপুর থানার পুলিশ ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল তল্লাশি চালিয়ে তাঁর দেহ উদ্ধার করে। তবে মিঠুন সত্যিই কোনো চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সোমবারই যশোরে এক হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয় এবং নরসিংদীতে এক মুদি দোকানদারকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এর আগে শরীয়তপুর, রাজবাড়ী এবং ময়মনসিংহেও পিটিয়ে ও পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটেছে। মিঠুন সরকারের এই মৃত্যু ওপার বাংলার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।