বাংলাদেশে খোঁজ মিলল মুর্শিদাবাদের নিখোঁজ যুবকের, দেড় বছর পর ফিরল ঘরে!

প্রায় দেড় বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা হাসানুজ্জাম আলি-কে (৩৪) খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং ২৪ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে দৌলতাবাদ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।

সম্প্রতি ফেসবুকের মাধ্যমে জানা যায় যে, হাসানুজ্জাম ভারতে নেই, তিনি বাংলাদেশে অবস্থান করছেন। খবরটি জানতে পেরেই দৌলতাবাদ থানার ওসি দ্রুত বিষয়টি জেলা পুলিশ সুপার কুমারসানী রাজকে জানান। এরপরই দৌলতাবাদ থানার পুলিশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। বিএসএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় শুরু হয় সমন্বিত পদক্ষেপ।

রবিবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আনুষ্ঠানিকভাবে হাসানুজ্জাম আলিকে ভারত-বাংলাদেশ সীমান্ত চৌকি হারুডাঙা দিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। এরপর বহরমপুর সদর ডিএসপি তমল কুমার বিশ্বাস ও দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ তাকে থানায় নিয়ে আসেন।

দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।