উপনির্বাচনের রণক্ষেত্র এখন বরানগর। কিন্তু ভোটের লড়াই ছাপিয়ে এবার তপ্ত হয়ে উঠল ব্যক্তিগত আক্রমণ আর সাইবার যুদ্ধ। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Account) খুলে বিভ্রান্তিকর ও কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং সায়ন্তিকার মধ্যে বাগযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার এই নিয়ে সরগরম বরানগরের রাজনৈতিক অলিগলি।
সায়ন্তিকার অভিযোগ, তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে বিজেপি কর্মীরাই এই চক্রান্ত লিপ্ত হয়েছে। তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। সায়ন্তিকা বলেন, “সজল ঘোষ এবং তাঁর দল জানে যে তাঁরা হারছে, তাই এখন চরিত্রের ওপর কাদা ছিটিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু মানুষ সব দেখছে।” ইতিমধ্যেই এই বিষয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী। তিনি সাফ জানিয়েছেন, এই ধরণের ‘নোংরা রাজনীতি’ বরানগরের সংস্কৃতি নয়।
পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি প্রার্থী সজল ঘোষও। সায়ন্তিকার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে সজল বলেন, “তৃণমূলের অভ্যাসই হলো নিজেদের দোষ অন্যের ওপর চাপানো। আমাদের খেয়েদেয়ে কাজ নেই যে ফেক অ্যাকাউন্ট খুলে বসে থাকব? ওদের নিজেদের মধ্যেই অনেক গোষ্ঠীদ্বন্দ্ব, আগে সেটা সামলাক।” সজলের দাবি, সায়ন্তিকা প্রচারে সুবিধা পেতেই এখন ‘ভিকটিম কার্ড’ খেলছেন। সব মিলিয়ে, ভোটের মুখে দুই হেভিওয়েট প্রার্থীর এই ব্যক্তিগত তরজা বরানগরের রাজনৈতিক পারদকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।