বন্যা বিধ্বস্ত সুভাষিনী চা বাগানের শিশুদের সঙ্গে মমতা, দুর্যোগের দুঃস্বপ্ন ভোলাতে তুলে দিলেন বই-খাতা-টেডি বিয়ার

উত্তরবঙ্গ সফরে এসে বন্যা বিধ্বস্ত আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই চা বাগানে গিয়ে মুখ্যমন্ত্রীকে সেখানকার শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায়। শিশুরা যাতে দ্রুত দুর্যোগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারে, সেই লক্ষ্যে তাদের হাতে খাতা, বই ও খেলনা তুলে দেন তিনি।

এক সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথমে আলিপুরদুয়ারে পৌঁছান। হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নেমে তিনি নীলপাড়া রেঞ্জ অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং করেন। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি সুভাষিনী চা বাগানে যাচ্ছেন।

তোর্ষার জলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা:
কালচিনি ব্লকের মধ্যে তোর্ষার জল প্রবেশ করায় এই সুভাষিনী চা বাগানটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী এই চা বাগানের মাঠে সভা করে গিয়েছিলেন। ফলত, এই চা বাগান এলাকা তাঁর অতি পরিচিত।

চা বাগানে মুখ্যমন্ত্রীকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসীরা। চা শ্রমিক অস্মিতা লোহারের মতো অনেকেই চোখের জলে নিজেদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাঁদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার:
চা বাগানের শিশুদের পড়াশোনা যাতে মাঝপথে না আটকে যায়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হন। তিনি সব শিশুদের নিজের কাছে ডেকে নিয়ে তাদের হাতে তুলে দেন বই, খাতা, পেন্সিল ও পেন। পাশাপাশি, শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে টেডি বিয়ারও দেন তিনি। এই স্নেহের পরশে চা বাগানের শিশুরা জড়িয়ে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রশাসনিক তৎপরতার পাশাপাশি তাঁর সংবেদনশীলতাও তুলে ধরল।