বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যু হলে ₹৫ লক্ষ ক্ষতিপূরণ! জঙ্গল লাগোয়া বসতিদের জন্য বড় ঘোষণা বন দপ্তরের, কী কী সুবিধা মিলবে?

ডুয়ার্সের জঙ্গল লাগোয়া বনবস্তিগুলিতে বন্যপ্রাণীর আতঙ্ক নিত্যদিনের সঙ্গী হলেও, এবার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জোরালো বার্তা দিল বন দফতর। প্রজন্ম ধরে যারা জঙ্গলকে জীবিকা ও আয়ের উৎস হিসেবে দেখেছেন, হাতির পাল বা লেপার্ডের হানায় ফসল নষ্ট, ঘরবাড়ি ভাঙচুর এবং প্রাণহানির মতো ঘটনায় তাঁদের পরিবার প্রায়শই ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে সরকার ও বন দফতরের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিস্তারিত প্রক্রিয়া জানালেন অতিরিক্ত বনকর্তা।
ক্ষতিপূরণের সম্পূর্ণ তালিকা:
অতিরিক্ত বনকর্তা জানান, বন্যপ্রাণীর আক্রমণে আঘাত বা প্রাণহানি ঘটলে সরকার নির্দিষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে:
মৃত্যুর ক্ষেত্রে: পরিবার প্রথম পর্যায়ে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা পায়। পোস্টমর্টেম রিপোর্ট জমা দেওয়ার পর মোট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হয়।
অঙ্গহানির ক্ষেত্রে: ক্ষতিগ্রস্ত ব্যক্তি পান এক লক্ষ টাকা।
গুরুতর আহত: ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা।
সামান্য আহত: ২৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা।
এছাড়াও, বন দফতর আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে।
ক্ষতিপূরণ পাওয়ার সহজ প্রক্রিয়া:
আর্থিক সহায়তা পেতে নিহতের পরিবারকে পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং পরিচয়পত্র জমা দিতে হবে।
অন্যদিকে, চাষের জমি, ফসল, বা ঘরবাড়ি নষ্ট হলে পঞ্চায়েতের সার্টিফিকেট, জমির কাগজ এবং বন দফতরের আবেদনপত্র জমা দিলেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বনকর্তা জানিয়েছেন, যদি কেউ নিজে গিয়ে আবেদন করতে না পারেন, তবে বনকর্মীদের পক্ষ থেকেই সমস্ত নথি সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হয়।
অতিরিক্ত বনকর্তার স্পষ্ট বার্তা, ‘আতঙ্ক নয়, সতর্ক থাকুন। আমরা পাশে আছি।’ বনবস্তির মানুষও আশা করছেন, সরকারি এই পদক্ষেপ তাঁদের জীবন ও জীবিকা রক্ষায় সহায়ক হবে।