বন্ধ রেড রোডের কার্নিভাল! মহালয়ার দিন ইডেনে ৩ হাজার ড্রোনের আলোয় মায়ের আগমন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পালাবদলের পর রাজ্যের প্রথম দুর্গাপুজোয় একাধিক ঐতিহ্যবাহী নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিগত সরকারের আমলের চেনা ছকে রেড রোডের কার্নিভাল এবার আর হচ্ছে না। কার্নিভালের নামে অতিরিক্ত চাপিয়ে দেওয়া ব্যবস্থার অবসান ঘটিয়ে এবার শারদোৎসবকে আরও জাঁকজমকপূর্ণ ও জনমুখী করতে এক অভিনব উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে চার ঘণ্টার এক মেগা কর্মসূচি। হাজার হাজার ড্রোনের সমন্বয়ে রাতের আকাশে আলোর মালায় ফুটিয়ে তোলা হবে মায়ের আগমনী রূপ। ড্রোন শো ছাড়াও থাকবে চোখধাঁধানো আতসবাজি, বর্ণাঢ্য রোড শো এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল এফেক্টযুক্ত সাংস্কৃতিক মহোৎসব। কলকাতা পুরসভার সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না, মহালয়ার পর দিঘাতেও অনুরূপ আরও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পাশাপাশি, পুজো পরিচালনা ও ঐতিহ্য বজায় রাখতে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দেবীপক্ষ বা মহালয়া শুরু হওয়ার আগে কোনোভাবেই প্রতিমা বা পুজোর উদ্বোধন করা যাবে না। যানজট এড়াতে রেড রোড, স্ট্র্যান্ড রোড ও লেনিন সরণি সহ কলকাতার ১৩টি প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো থাকায় আগামী ২৪ অক্টোবরের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পুজো ও বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সেরা প্রতিমা, আলোকসজ্জা এবং প্যান্ডেল সাজানোর মুন্সিয়ানাকে স্বীকৃতি জানাতে শাস্ত্রজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের বিচারক হিসেবে রেখে ‘শারদ সম্মান’ প্রদান করা হবে।