বন্দে মাতরমের দেড়শো বছর! বঙ্কিমচন্দ্রকে বিশেষ সম্মান, লোকভবনের গেটের নাম বদলালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে এবার লোকভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান জানালেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন যে লোকভবনের দক্ষিণ পশ্চিম গেটের নাম হবে সাহিত্য সম্রাটের নামে। এখন থেকে এই গেটটি ‘ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গেট’ নামে পরিচিত হবে।

বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এটি তাঁর বাংলা তথা বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এর আগে গত বছর, ২০২৩ সালের ১৮ নভেম্বর, রাজ্যপাল লোকভবনের উত্তর গেটের নাম ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’ রেখেছিলেন বিশ্বকবিকে সম্মান জানাতে।

২০২২ সালের ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সি ভি আনন্দ বোসের বাংলা ভাষার প্রতি গভীর টান দেখা গেছে। এমনকি, লোকভবনে সরস্বতী পুজোয় তিনি বাংলা ভাষা শিখতে ‘হাতেখড়ি’-ও নেন। বাংলায় বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তাঁর এই বাংলা প্রীতির প্রমাণ মেলে কিছুদিন আগে গ্রামে জনসংযোগের সময়ও, যেখানে তিনি স্থানীয় দোকান থেকে ছোলা সেদ্ধ ও চপ খেয়ে বাংলায় বলেছিলেন, “খুব ভাল হয়েছে।”

রাজ্যপালের ‘বোস’ পদবীর পেছনেও রয়েছে বাংলার যোগ। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী। বাংলার এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি তাঁর সন্তানদের নামের সঙ্গে ‘বোস’ পদবী যুক্ত করেছিলেন। বর্তমানে বাংলার ভোটার হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন রাজ্যপাল আনন্দ বোস। এই আবহে, লোকভবনের গেটগুলি বাংলার মনীষীদের নামে উৎসর্গ করে তিনি ফের একবার এই রাজ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জানালেন।