দূরপাল্লার যাত্রায় ট্রেনের কামরাই আমাদের সাময়িক আস্তানা। সময় বাঁচাতে অনেকেই রাতের সফরের টিকিট পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন, ট্রেনের বার্থের আলো থেকে শুরু করে কথা বলার শব্দ— সবকিছুর জন্য ভারতীয় রেলের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে? এই নিয়মগুলো না জানলে বা অমান্য করলে আপনার যাত্রা কেবল বিঘ্নিতই হবে না, গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এমনকি সহযাত্রীদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থার মুখেও পড়তে পারেন আপনি।
১. মোবাইলে কথা বলা ও আওয়াজ নিয়ন্ত্রণে সাবধান: রাতে ট্রেনের কামরায় মোবাইলে উচ্চস্বরে কথা বলা বা লাউডস্পিকারে গান শোনা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি জোরে ভিডিও দেখেন বা গান শোনেন, তবে তা অন্যের ঘুমের ব্যাঘাত ঘটায়। এই ক্ষেত্রে রেলের নিয়ম হলো, আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে। কোনো যাত্রী যদি এই নিয়ে রেল পুলিশে অভিযোগ জানান, তবে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
২. মিডল বার্থ নিয়ে বিশেষ নিয়ম: আপনার কি মিডল বার্থ? তবে মনে রাখবেন, আপনি চাইলেই সারাদিন বার্থ নামিয়ে রাখতে পারেন না। রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্তই আপনি মিডল বার্থ ব্যবহার করতে পারবেন। রাত ১০টার পর যদি আপনি বার্থ খুলতে চান, তবে নিচের বার্থের যাত্রী আপনাকে বাধা দিতে পারবেন না। আবার সকাল ৬টা বাজলে বার্থ গুটিয়ে নিতে হবে যাতে নিচের যাত্রীরা বসতে পারেন।
৩. আলো নেভানোর সময়: রাত ১০টার পর ট্রেনের কামরার প্রধান আলো (Main Lights) জ্বালিয়ে রাখা নিয়মবিরুদ্ধ। এই সময়ের পর যাত্রীদের ঘুমের সুবিধার্থে শুধুমাত্র নাইট লাইট বা মৃদু আলো জ্বালানো যাবে। ব্যক্তিগত কাজের জন্য বার্থের ছোট রিডিং ল্যাম্প ব্যবহার করাই শ্রেয়।
৪. টিকিট চেকিং ও ডিনার: সাধারণত রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিটিই (TTE) যাত্রীদের টিকিট পরীক্ষা করেন না, যাতে তাঁদের ঘুমে ব্যাঘাত না ঘটে। তবে যারা রাত ১০টার পর ট্রেন ধরছেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া ই-ক্যাটারিং বা অনলাইন খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। ১০টার পর অনেক স্টেশনে খাবার সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই আগেভাগেই ডিনার সেরে নেওয়া বা অর্ডার করা বুদ্ধিমানের কাজ।





