বড় বিপদের মুখে দালাল স্ট্রিট? আজই ধসের আশঙ্কায় কপালে হাত বিনিয়োগকারীদের

শেয়ার বাজারে যাঁরা নিয়মিত বিনিয়োগ করেন বা নতুন করে বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য অত্যন্ত জরুরি ও বড়সড় সতর্কবার্তা। গত দু’দিন ধরে দেশের শেয়ার বাজার চাঙ্গা থাকায় বিনিয়োগকারীরা ভালো মুনাফা কামালেও, সেই সুখ খুব বেশি দিন স্থায়ী না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের নেতিবাচক পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে আজ বুধবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতনের প্রবল সম্ভাবনা রয়েছে।

গত দু’দিন ধরে ভারতীয় বাজারে ঊর্ধ্বগতির ধারা দেখা গেলেও বুধবার সকালে লেনদেন শুরুর আগেই তা ধাক্কা খায়। এদিন সকালে গিফট নিফটি ১৩০ পয়েন্টের বেশি পতন নিয়ে লেনদেন করতে দেখা যায়। যার জেরে সেনসেক্স এবং নিফটির গতিপ্রকৃতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বাজার বিশেষজ্ঞরা।

আমেরিকা থেকে শুরু করে জাপান ও হংকং—বিশ্বের একাধিক প্রধান শেয়ার বাজারে বড়সড় পতনের প্রভাব সরাসরি পড়তে পারে ভারতীয় বাজারেও। মঙ্গলবারের লেনদেনে মার্কিন শেয়ার বাজারে বড় ধস নেমেছিল। ডাও জোন্স সূচক ৯৫৪ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ কমে বন্ধ হয়। একই ভাবে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১০৬ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ নেমে যায়। মার্কিন বাজারের এই পতন এশিয়ার বাজারগুলিতেও তীব্র প্রভাব ফেলেছে। আজ লেনদেন শুরু হতেই জাপানের নিক্কেই সূচক প্রায় ২০০ পয়েন্ট এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২২০ পয়েন্ট পতনের মুখে পড়ে। ইউরোপের বাজারগুলিতেও দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

অবশ্য এর আগের মঙ্গলবারের লেনদেনে ভারতীয় বাজারে একটি মিশ্র ছবি দেখা গিয়েছিল। ওই দিন বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্স ৪২৭ পয়েন্ট কমে ৮২,৫৩২ পয়েন্টে বন্ধ হলেও, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি ৯৬ পয়েন্ট বেড়ে ২৫,৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছিল। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জেরে সেই স্বস্তি উধাও হওয়ার উপক্রম হয়েছে।

বিশ্ববাজারে অস্থিরতার আসল কারণ কী?

আন্তর্জাতিক বাজারের এই চরম অস্থিরতার পেছনে রয়েছে মূলত ভূ-রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। পাশাপাশি, রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘমেয়াদি যুদ্ধ নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি অপরিশোধিত তেলের দামের লাগাতার ওঠানামাও বাজারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সব মিলিয়ে, বিশ্ববাজারের এই বরফঠান্ডা বাতাস ভারতীয় শেয়ার বাজারের গতিপ্রকৃতিতে বড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

(বিঃদ্রঃ- শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)