SAFF-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে পেল ‘গার্ড অফ অনার’

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক তিক্ত সম্পর্কের কোনো প্রভাবই পড়ল না ফুটবল ময়দানে। মঙ্গলবার রাতে ঢাকার মাঠে রুদ্ধশ্বাস সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল টিম ইন্ডিয়া। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে খেলা শেষের একটি মুহূর্ত। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ শেষে পাকিস্তানি ফুটবলাররা ভারতীয় দলকে ‘গার্ড অফ অনার’ দিচ্ছেন এবং দুই দলের খেলোয়াড়রা হাসিমুখে হাত মেলাচ্ছেন।

খেলার শেষে হাত মেলানো ক্রীড়াজগতের চিরন্তন রীতি হলেও, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে সেই ছবি কার্যত উধাও হয়ে গিয়েছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর থেকেই পুরুষ ও মহিলা—উভয় দলের ক্রিকেট ম্যাচে টসের সময় বা ম্যাচের শেষে হাত মেলানো পুরোপুরি বন্ধ করে দিয়েছেন দুই দেশের ক্রিকেটাররা।

কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের আসরে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। টুর্নামেন্টের শুরু থেকেই দুই শিবিরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল স্পষ্ট। গত ৫ নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচের আগেই ভারতীয় দলের কোচ নওশাদ মুসা জানিয়ে দিয়েছিলেন, তাঁর দল খেলার স্বাভাবিক নিয়ম মেনেই প্রতিপক্ষকে অভিবাদন জানাবে। সেই মতো ভারতীয় অধিনায়ক বিজয় ভার্গিস ও পাকিস্তান অধিনায়ক ইউসুফ ইজাজ বাট হাত মিলিয়েছিলেন। মঙ্গলবার ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে এবং একে অপরকে হাই-ফাইভ দিতে দেখা যায়।

ময়দানি লড়াইয়ে অবশ্য পাকিস্তানকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতকে। ফাইনালের প্রথমার্ধে আলমগীর গাজির গোলে এগিয়ে গিয়ে চাপে ফেলে দেয় পাকিস্তান। প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় ভারত। তবে ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে বিপজ্জনক ট্যাকলের জেরে ভিএআর (VAR) প্রযুক্তির সাহায্যে পাকিস্তানের জুনাইদ শাহকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের পাকিস্তানকে পেয়েই আক্রমণের ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া।

লাল কার্ড দেখানোর ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে সুহাইল আহমেদ ভাটের গোলে সমতা ফেরায় ভারত (১-১)। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে নওশাদ মুসার ছেলেরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগে, ৮৮ মিনিটে সন্দীপ মান্ডির দুরন্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেন ইন ব্লু। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলল ভারত। এই নিয়ে মোট ১০ বার সাফ কাপ জয়ের নজির গড়ল ভারতীয় ফুটবল দল।