সমুদ্রতটে রক্তের খেলা! শিকারি ও শিকারের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জিতবে কে? আসছে নতুন বাংলা থ্রিলার ‘শিকারী’

প্রকৃতির নির্জন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের অন্ধকার জগৎ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, অস্তিত্ব রক্ষার লড়াই এবং প্রতিশোধের আগুন—এই সমস্ত উপাদানকে এক সুতোয় বেঁধে বড়পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘শিকারী’। পরিচালক সত্যজিৎ দাসের পরিচালনায় ছবিটি একটি হাই-ভোল্টেজ সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার, যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে শিকারি ও শিকারের পরিচিত সমীকরণ। ম্যাড ফ্রেমসের পরিবেশনায় ও অংশু সা-র প্রযোজনায় তৈরি এই ছবির হাত ধরেই দর্শকদের সামনে আসছে এক টানটান উত্তেজনার রোমহর্ষক গল্প।

ছবির কাহিনির কেন্দ্রে রয়েছেন শুভ্র সেন (গৌতম দাস), পেশায় একজন সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক। স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে চন্দ্রপুরের নির্জন সমুদ্রসৈকতে কিছু সময় কাটাতে গিয়ে আচমকাই এক ভয়ংকর অপরাধচক্রের মুখোমুখি হয় সে। তার ক্যামেরায় ধরা পড়ে যায় এমন কিছু বিপজ্জনক দৃশ্য, যা তার জীবনের সমস্ত হিসাব চিরতরে বদলে দেয়। প্রিয়জনকে হারানোর মর্মান্তিক যন্ত্রণা এবং বেঁচে থাকার তাগিদে তার ভেতরের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। যে ক্যামেরা একসময় ছিল প্রকৃতির সৌন্দর্য খোঁজার মাধ্যম, সেটাই হয়ে ওঠে সত্যের সন্ধান এবং শত্রুকে চিহ্নিত করার নির্মম হাতিয়ার। ছবিতে তাঁর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অসমের জনপ্রিয় অভিনেত্রী আইমি গগৈ। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রজতাভ দত্ত এবং বহুমুখী প্রতিভাবান অভিনেতা যুধাজিৎ সরকারকে। চার শিল্পীর ভিন্নধর্মী অভিনয়ের মেলবন্ধনে ছবিটি দর্শকদের এক অনন্য সিনে-অভিজ্ঞতা দিতে চলেছে।

পরিচালক সত্যজিৎ দাসের মতে, ‘শিকারী’ শুধুমাত্র একটি প্রতিশোধমূলক ছবি নয়; এটি মানুষের অস্তিত্বের লড়াই এবং প্রতিকূলতার বিরুদ্ধে এক অসম সাহসী সংগ্রামের প্রতিচ্ছবি। সমুদ্রতট ও ঝাউবনের রুক্ষ পরিবেশকে এখানে গল্পের অন্যতম প্রধান চরিত্র হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতা গৌতম দাস জানিয়েছেন, শুভ্রর মানসিক দ্বন্দ্ব ও শারীরিক লড়াইয়ের এই চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ও চ্যালেঞ্জিং প্রাপ্তি। অন্যদিকে, বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবিতে আত্মপ্রকাশ করে উচ্ছ্বসিত অভিনেত্রী আইমি গগৈ। পাশাপাশি, রজতাভ দত্তের তীক্ষ্ণ অভিনয় এবং যুধাজিৎ সরকারের ভিন্নধর্মী থানা ইনচার্জের চরিত্র ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সংগীত পরিচালনার মাধ্যমে এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করছেন জনপ্রিয় গায়ক মিতাস ভট্টাচার্য। চন্দ্রপুরের অন্ধকার অলিগলি আর ঝাউবনের প্রেক্ষাপটে সাজানো এই শিকারের খেলা শেষ পর্যন্ত কোন মোড় নেয়, তা জানা যাবে আগামী ২০২৭ সালের প্রেম দিবসে ছবিটি মুক্তি পেলে।