‘আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়’-অবশেষে সেনার গুলিতে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু ও কাশ্মীরের কুলগামে CRPF ঘাঁটিতে হামলার মূল চক্রী লস্কর-ই-তৈবা কমান্ডার লতিফ ভাট নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। বুধবার সকালে কুলগামের একটি মসজিদের ভেতরে তাকে কোণঠাসা করে ফেলে সেনাবাহিনী ও পুলিশ। ধর্মীয় উপাসনাস্থলের পবিত্রতা ও কাঠামোর কোনও ক্ষতি না করেই তাকে জীবিত ধরার চেষ্টা করেছিল বাহিনী। কিন্তু ভিডিও কলে আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর টিয়ার গ্যাসের ধোঁয়ায় মসজিদ থেকে বেরিয়ে আসতেই গুলিতে খতম করা হয় তাকে।
অভিযান সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে মসজিদ সংলগ্ন এলাকাটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। মসজিদে ঢুকে রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ গুলি চালাতে শুরু করে লতিফ। তবে উপাসনাস্থলের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম দেখান জওয়ানরা। কুলগামের এসএসপি (SSP) আনায়ত আলি এবং ৯ রাষ্ট্রীয় রাইফেলসের (9 RR) কমান্ডিং অফিসার দীর্ঘক্ষণ ভিডিও কলের মাধ্যমে লতিফকে আত্মসমর্পণের অনুরোধ জানান। অস্ত্র নামিয়ে রাখলে তার প্রাণ রক্ষা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই জঙ্গি জানায়, ‘আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়’ (আল্লাহর সঙ্গে দেখা করতে হবে) এবং ‘আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই’।
আত্মসমর্পণের শেষ সুযোগ সে ফিরিয়ে দেওয়ার পরই লতিফকে বাইরে বের করে আনতে কৌশল বদলায় নিরাপত্তাবাহিনী। মসজিদের ভেতরে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তীব্র ধোঁয়ায় ভেতরে টিকতে না পেরে মসজিদের পেছনের দিক দিয়ে বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করে লতিফ। ঠিক সেই মুহূর্তেই নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় সে। পরে মসজিদের বাইরে পড়ে থাকা তার দেহের ছবি প্রকাশ্যে আসে।
এই সফল অভিযানের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন CRPF প্রধান জিপি সিং। তিনি লেখেন, “অভিনন্দন ছেলেরা। কোনও কোনও খাবারের পদ ঠান্ডাই ভাল লাগে, এমনকী এই ঠান্ডা আবহাওয়াতেও।”
পুলিশের দাবি, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল লতিফ ভাট। উগ্রপন্থায় গভীরভাবে প্রভাবিত এই জঙ্গি সীমান্তের ওপার থেকে উপত্যকার শান্তি, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার নির্দেশ পেয়েছিল।
উল্লেখ্য, এই এনকাউন্টারের ঠিক একদিন আগেই কুলগামের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল। সেখানে নিহত আরেক জঙ্গি উমর নিসার দারের সঙ্গে লতিফ ভাটকে মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ একাধিক এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তা সংস্থাগুলির মতে, CRPF চেকপোস্টে হামলার আগে ওই এলাকায় রেইকি চালিয়েছিল তারা এবং হামলার পর সেখান থেকেই পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বুধবারের অভিযানে কুলগাম হামলার এই মাস্টারমাইন্ডকে নিকেশ করতে সক্ষম হল নিরাপত্তাবাহিনী।