ভাগ্য বদলাতে লাগে মাত্র এক রাত! দীপাবলি বাম্পারে ১২ কোটি জিতে আবেগাপ্লুত ৪৫ বছরের বলজিন্দর, কী করবেন এত টাকা দিয়ে?

টানা ১৫ বছর ধরে নিয়ম করে লটারির টিকিট কেটে চলেছেন, কিন্তু কপালে জোটেনি কোনো বড় অঙ্কের পুরস্কার। তবুও হাল ছাড়েননি তিনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ভাগ্যদেবতা মুখ তুলে চাইলেন পঞ্জাবের এক সাধারণ কৃষকের দিকে। মাত্র ৫০০ টাকার একটি লটারির টিকিট কেটে রাতারাতি ১২ কোটি টাকার মালিক বনে গেলেন তিনি। অবিশ্বাস্য এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

ভাগ্যবান ওই কৃষকের নাম বলজিন্দর সিং। ৪৫ বছর বয়সী বলজিন্দর পঞ্জাবের দেরাবাসির নিকটবর্তী হুমায়ুনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। পেশায় কৃষক বলজিন্দর ‘পঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার লটারি ২০২৬’-এর প্রথম পুরস্কার হিসেবে এই বিপুল পরিমাণ অর্থ জিতে নিয়েছেন। জানা গিয়েছে, দীপাবলির ঠিক আগে হান্দেসরা এলাকার এক স্থানীয় বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা দিয়ে ওই টিকিটটি কিনেছিলেন তিনি। গত মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি প্রথম জানতে পারেন যে তাঁর কেনা টিকিটটিই ১২ কোটির জ্যাকপট জিতেছে।

দুই সন্তানের পিতা বলজিন্দর ২০১০ সাল থেকে নিয়মিত লটারির টিকিট কাটছেন। এত বছরে ছোটখাটো পুরস্কার জুটলেও বড় জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। ১২ কোটি টাকা জেতার খবর পাওয়ার পরই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আনন্দে আপ্লুত বলজিন্দরের কথায়, ঈশ্বর অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রার্থনায় সাড়া দিয়েছেন। রাতারাতি এই বিশাল প্রাপ্তির পর পরিবারের সদস্যদের মধ্যে খুশির জোয়ার বইছে। তবে হঠাৎ করে হাতে আসা এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কীভাবে খরচ বা বিনিয়োগ করবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত পরিকল্পনা করে উঠতে পারেননি তিনি। জয়ের খবর নিশ্চিত হওয়ার পরই পুরস্কারের অর্থ দাবি করার প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে বন্ধুদের সঙ্গে জিরাকপুরে যান বলজিন্দর। লটারি দফতর সূত্রে খবর, এই বিশেষ দিওয়ালি বাম্পার প্রতিযোগিতার জন্য মোট ৩৬ লক্ষ টিকিট ছাপানো হয়েছিল, যা মেষ থেকে মীন—রাশিচক্রের ১২টি রাশির নামে বিভিন্ন সিরিজে বাজারে ছাড়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই কেরলের থিরুভোনাম বাম্পার লটারিতে প্রথম পুরস্কার বাবদ ৩০ কোটি টাকা জিতে নিয়েছিলেন এক ভাগ্যবান। কেরলের কান্নুর জেলার চক্রকাল এলাকার একটি এজেন্সি থেকে ৫০০ টাকা মূল্যের ‘TL 360615’ নম্বরের টিকিটটি কেনা হয়েছিল। গোর্কি ভবনে আয়োজিত ওই ড্র-এর পরিচালনা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন, যেখানে ছাপানো ৯০ লক্ষ টিকিটের সবকটিই বিক্রি হয়ে গিয়েছিল। এবার কেরলের পর পঞ্জাবের এই কৃষকের ১২ কোটি জয়ের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উৎসাহ জোগাচ্ছে।