বড় ঘোষণা ট্রাম্পের! ৫ দিনের জন্য ইরানে হামলা স্থগিত করল আমেরিকা, সমঝোতার পথে দুই দেশ?

মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এক নজিরবিহীন ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ, ২০২৬) এক বিশেষ বার্তায় তিনি জানান, আপাতত আগামী ৫ দিনের জন্য ইরানের ওপর পরিকল্পিত সমস্ত সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম একধাক্কায় প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, “ইরানের সঙ্গে অত্যন্ত গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি পূর্ণাঙ্গ সমাধান সম্ভব। তাই মানবিক খাতিরে এবং আলোচনার পরিবেশ বজায় রাখতে আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি যাতে আগামী ৫ দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি পরিকাঠামোয় কোনও হামলা না চালানো হয়।”

কূটনৈতিক মহলের মতে, ওমান ও তুরস্কের মধ্যস্থতায় পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিশেষ বৈঠক চলেছে। ট্রাম্পের এই ‘৫ দিনের বিরতি’ বা গ্রেস পিরিয়ডকে যুদ্ধের ময়দানে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার কথা স্বীকার করেনি, তবে হোয়াইট হাউসের দাবি— তেহরান সমঝোতা করতে আগ্রহী। তেলের আকাশছোঁয়া দাম এবং বিশ্ব অর্থনীতির কথা মাথায় রেখেই ট্রাম্প এই সমঝোতার পথে হাঁটছেন বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই ৫ দিনের বিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিচুক্তিতে রূপ নেয় কি না।