“বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ…”, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নরম শুরে বার্তা ইউনূসের!

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আবারও বঙ্গোপসাগর ইস্যুকে সামনে আনলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গোপসাগরকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “আমরা প্রায়ই ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ, যার আকার আমাদের দেশের মোট ভূখণ্ডের চেয়ে অনেক বেশি। কিন্তু তারপরেও আমরা সবসময় দেশের ভূস্থলকেই ব্যবসার কাজে বেশি ব্যবহার করি। বঙ্গোপসাগরের ওই অংশকে গুরুত্ব দেওয়াই হয় না।”

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টা ইউনূস দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে বঙ্গোপসাগরের বাণিজ্যকে গুরুত্ব দিয়ে আসছেন। এই লক্ষ্যেই তিনি সম্প্রতি চীনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যা থেকে বিতর্কের সূত্রপাত হয়। চীন সফরে গিয়ে ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বদ্ধভূমি’ আখ্যা দিয়ে নিজেকে ‘বঙ্গোপসাগরের অভিভাবক’ হিসেবে দাবি করলে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও সে সময় বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি।

কয়েক মাস পর এবার যখন ইউনূস আবার বঙ্গোপসাগরের কথা বললেন, তখন তার সুর অনেকটাই নরম শোনা গেল। এদিন তিনি আরও বলেন, “বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে ভাবনা-চিন্তায় কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি বরাবরই বলে এসেছি, এ দেশের নদী ও সমুদ্র বিশাল সম্পদ। আর এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে অর্থনীতি গড়ে তুলতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূসের এই বক্তব্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রসম্পদকে কাজে লাগানোর ওপর তার সরকারের অগ্রাধিকারকে আবারও তুলে ধরছে।