মালদহের কালিয়াচকে বিচারকদের বন্দি করে রাখা এবং গণবিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘মাস্টারমাইন্ড’ মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সিআইডি (CID)-র হাতে ধরা পড়ার পর একটি ফেসবুক লাইভ করেন এই আইনজীবী তথা মিম নেতা। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে এক চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন।
“আমি জজ সাহেবদের আটকে রাখিনি”
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মোফাক্কেরুল ফেসবুক লাইভে দাবি করেন, তিনি কোনও আন্দোলনের নেতৃত্ব দেননি। তাঁর কথায়, “ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছিল, সেই প্রতিবাদ দেখতে গিয়েছিলাম। আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, আন্দোলনের পাশ দিয়ে যাওয়ার সময় জাস্ট দাঁড়িয়েছিলাম। আমার জন্য কোনও জজ সাহেব আটকে থাকেননি। আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হল।”
অনুগামীদের উদ্দেশ্যে শেষ বার্তা
গ্রেফতারির পর নিজের বিপুল সংখ্যক ফলোয়ার্সদের উদ্দেশ্যে মোফাক্কেরুল বলেন, “আমায় গ্রেফতার করেছে। এবার হয়তো মালদহ সহ নানা জায়গায় নিয়ে যাবে। আপনাদের সঙ্গে আর দেখা হবে না। সকলে ভাল থাকুন আর ভোটার তালিকায় নাম তোলার জন্য যা যা দরকার, তা করুন।” ### ভাইরাল সেই ‘বাপের দেশ’ ভাষণ পেশায় কলকাতা হাইকোর্টের এই আইনজীবীর একটি ভিডিও সম্প্রতি দাবানল গতিতে ভাইরাল হয়েছে। যেখানে কালো প্যান্ট ও আকাশী শার্ট পরে কালিয়াচক ২ নম্বর ব্লকের সামনে একটি গাড়ির বনেটে উঠে তাঁকে বলতে শোনা যায়:
“এটা আমার বাপের দেশ, আমার বাপ এসে বললেও এই দেশ ছেড়ে যাব না। কোনও নেতা, ডিএম বা এসপি এসে বললেও যাব না।”
উত্তরবঙ্গের এডিজি কে জয়রমনের দাবি, এই ধরণের উস্কানিমূলক ভাষণের জেরেই ভিড় উত্তেজিত হয়ে পড়ে এবং বিচারকদের আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটে। ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
কে এই মোফাক্কেরুল ইসলাম?
পরিচয়: উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। একসময় রায়গঞ্জ আদালতের আইনজীবী থাকলেও বর্তমানে কলকাতা হাইকোর্টে তাঁর চেম্বার রয়েছে।
রাজনীতি: আসাদউদ্দিন ওয়েইসির ভক্ত মোফাক্কেরুল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার থেকে AIMIM-এর টিকিটে প্রার্থী হয়েছিলেন।
বিতর্ক: ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ যাওয়ার ইস্যুকে হাতিয়ার করে গত কয়েকদিন ধরে মালদহের মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।





