ফেসবুক লাইভে টাকা ও সোনা গণনা! বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণ নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গত ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার অনুদানের অর্থ ও সোনা গণনার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। স্বচ্ছতা বজায় রাখতে এই পুরো গণনা পর্বটি নিজের ফেসবুক পেজ থেকে ‘লাইভ’ করছেন প্রাক্তন এই তৃণমূল নেতা।
১৫ ডিসেম্বর রাত থেকে ২০ ডিসেম্বর দুপুর পর্যন্ত জমা পড়া বিপুল পরিমাণ অনুদান সাধারণ মানুষের সামনেই গুনছেন হুমায়ুন। অর্থের পাশাপাশি অনেক অনুরাগী সোনাও দান করেছেন বলে জানা গিয়েছে। হুমায়ুন কবীর জানিয়েছেন, অনুদানের হিসাবে যাতে কোনো গরমিল না হয়, তাই তিনি ক্যামেরার সামনে এই প্রক্রিয়া চালাচ্ছেন। সংগৃহীত অর্থ ও অলঙ্কার নিরাপদে রাখতে সিসিটিভি নিয়ন্ত্রিত বিশেষ ঘরের ব্যবস্থাও করা হচ্ছে।
শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, মালদহ ও বীরভূম থেকেও মসজিদ নির্মাণের প্রস্তাব আসছে বলে দাবি করেছেন তিনি। এদিকে, আগামী ২২ ডিসেম্বর হুমায়ুন কবীর তাঁর নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন বলে জোর জল্পনা রাজনৈতিক মহলে। সোমবারের আগেই প্রস্তাবিত মসজিদের সামনে বড়সড় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে জেলা প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।