ফের Air India-র বিমানে বিপত্তি! রানওয়ে থেকেই হড়কে গেল ফ্লাইট, মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা!

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে হড়কে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।

সোমবার এয়ার ইন্ডিয়ার AI2744 A320 বিমানটি কেরালার কোচি থেকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করছিল। জানা গিয়েছে, বিমানটি মুম্বই বিমানবন্দরের রানওয়েতে (09/27) নামার সময় রানওয়ে থেকে সামান্য হড়কে বেরিয়ে যায়। তবে পাইলটের বিচক্ষণতা ও তৎপরতায় বিমানটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে একটি বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

এই দুর্ঘটনায় বিমানের যেমন ক্ষতি হয়েছে, তেমনই রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আপাতত 09/27 নম্বর রানওয়েটি বন্ধ রেখে সংস্কার কাজ চলছে। বিমান ওঠানামা স্বাভাবিক রাখতে এর বদলে 14/32 নম্বর রানওয়েটি সচল রাখা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, অবতরণের সময় বিমানের তিনটি টায়ার ফেটে গেছে এবং বিমানের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, বিমানটি সুরক্ষিতভাবে টার্মিনাল গেটের কাছে পৌঁছতে সক্ষম হয়। বিমানের সকল যাত্রী এবং ক্রু সদস্য সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে এবং তাঁদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “কোচি থেকে মুম্বইগামী AI2744 বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টির সম্মুখীন হয়, যার জেরে টাচডাউনের পর রানওয়ে থেকে সামান্য বেরিয়ে যায়। বিমান সুরক্ষিতভাবেই গেট অবধি পৌঁছেছে এবং সকল যাত্রী ও ক্রু সদস্যরা নেমেছেন। বিমানটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।”

এই ঘটনা আবারও বর্ষাকালে বিমানবন্দরগুলিতে সুরক্ষার চ্যালেঞ্জ এবং জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি কতখানি জরুরি, সেই প্রশ্ন তুলে ধরল।