ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল স্কুলে, গ্রেফতার ইংরেজি শিক্ষক

ফের স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বাগদায় এক ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে বাগদা থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে বাগদা থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক স্কুল থেকে ছাত্রীদের নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, “অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন ছাত্রী লিখিতভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তিনি ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমরা অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে লিখিতভাবে উত্তর পেয়েছি। কিছু অভিযোগ সত্য, কিছু অভিযোগ অসত্য এমনটাই জানিয়েছেন শিক্ষক।”
মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “স্কুলে এই ধরনের অভিযোগ ওঠা বাঞ্ছনীয় নয়। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং শিক্ষক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদি তদন্তে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।