হরমুজ প্রণালী ঘিরে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ কাটতে না কাটতেই ফের ঘনিয়ে এল অন্ধকার। গতকাল যুদ্ধবিরতির পর তেলের বাজারে স্বস্তি মিললেও, ২৪ ঘণ্টার মধ্যেই ইজরায়েলি বিমান হামলার পাল্টায় হরমুজ বন্ধ করার চরম সিদ্ধান্ত নিল ইরান। তেহরানের অভিযোগ, ইজরায়েল লেবাননে মাত্র ১০ মিনিটে ১০০-র বেশি বিমান হানা চালিয়ে শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে বড়সড় ধসের আশঙ্কা করা হচ্ছে।
ভারতের জন্যও পরিস্থিতি উদ্বেগজনক। বর্তমানে ১০টিরও বেশি ভারতীয় তেলবাহী জাহাজ এই প্রণালীতে আটকে রয়েছে। জাহাজ মন্ত্রক জানিয়েছে, বুধবার এই পথে কোনও জাহাজ চলাচল করেনি। এর ফলে দেশে পুনরায় জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ট্রাফিক নিয়ন্ত্রণ করবে আমেরিকা। অন্যদিকে, ইরান ও ওমান জাহাজ চলাচলে চড়া টোল বসানোর পরিকল্পনা করছে। ফলে ১০ই এপ্রিলের প্রস্তাবিত শান্তি চুক্তি এখন বিশ বাঁও জলে।





