ফুটবল মাঠে ন্যাক্কারজনক ঘটনা, রেফারির ওপর হামলা, গ্রেফতার ৪

ফুটবল মাঠে আবারও রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নৈহাটি। রবিবার বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচের সময় এই ঘটনা ঘটে। রেফারি চরণ হেমব্রমকে মারধর করার অভিযোগে পুলিশ খড়দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের চারজনকে গ্রেফতার করেছে।

কী ঘটেছিল?
খেলা চলছিল বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব এবং খড়দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মধ্যে। খেলার ৭১ মিনিটের মাথায় বেলঘড়িয়া ক্লাব পেনাল্টি পায়। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা রেফারির এই সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেন এবং মাঠে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, এরপরেই ক্লাবের কিছু খেলোয়াড় এবং কর্তারা রেফারিকে ঘিরে ধরে মারধর শুরু করেন।

ঘটনার খবর পেয়ে নৈহাটির বিধায়ক সনৎ দে ঘটনাস্থলে আসেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত রেফারি চরণ হেমবব্রমকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবাদের ঝড়
এই ঘটনায় ক্রীড়ামহলে নিন্দার ঝড় উঠেছে। নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, “খেলার মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তার সিদ্ধান্ত পছন্দ নাও হতে পারে, কিন্তু তাই বলে রেফারির গায়ে হাত তোলা বা মারধর করা মেনে নেওয়া যায় না।”

উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্যও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “এটা একেবারে ন্যক্কারজনক ঘটনা। দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এমনটা করার সাহস না পায়।”

উল্লেখ্য, এর আগেও মেদিনীপুরে রেফারির উপর হামলার ঘটনা ঘটেছিল, যেখানে শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই ধরনের ঘটনা ঘটল।