আকাশপথে যাতায়াত করেন এমন সাধারণ যাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর শোনাল সরকার। এবার থেকে বিমানে পছন্দের সিট বেছে নেওয়ার জন্য পকেটের কড়ি খসাতে হবে না যাত্রীদের। এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত চার্জ নেওয়ার প্রবণতা রুখতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করা হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, এখন থেকে যে কোনও ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ সিট যাত্রীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বেছে নিতে পারবেন। আগে ওয়েব চেক-ইন বা টিকিট কাটার সময় প্রায় সব সিটের জন্যই আলাদা টাকা নিত সংস্থাগুলি, যা এবার থেকে বন্ধ হচ্ছে।
সবচেয়ে বড় স্বস্তি মিলবে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে। নতুন নিয়ম বলছে, যদি একাধিক যাত্রী একটি মাত্র পিএনআর (PNR) নম্বরের অধীনে ভ্রমণ করেন, তবে তাঁদের একই সঙ্গে বা পাশাপাশি সিট দিতে বাধ্য থাকবে এয়ারলাইন্সগুলো। এর জন্য বাড়তি কোনও ফি নেওয়া যাবে না। পাশাপাশি, খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র বা পোষা প্রাণী বহনের ক্ষেত্রেও নিয়ম আরও স্বচ্ছ ও সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিন প্রায় ৫ লক্ষ মানুষ বিমানে যাতায়াত করেন। তাঁদের সুবিধার্থে বিমানবন্দরে কম দামে খাবার (উড়ান যাত্রী ক্যাফে) এবং ফ্রি ওয়াই-ফাইয়ের সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। যদি কোনও কারণে ফ্লাইট দেরি হয় বা বাতিল হয়, তবে যাত্রীদের অধিকার কী কী, তা এয়ারলাইন্সগুলোকে তাদের অ্যাপ ও ওয়েবসাইটে ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষায় স্পষ্ট করে লিখতে হবে। সরকারের এই পদক্ষেপে বিমান পরিষেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।