প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রোল! মন্তব্যের কড়া জবাব দিলেন মৌনী রায়, ‘জীবনে কিছু মূল্যবান কাজ করুন’

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী মৌনী রায়। কাজের আপডেট থেকে ব্যক্তিগত জীবনের ছবি— সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে সম্প্রতি তাঁর একটি পোস্টে চেহারার পরিবর্তন নিয়ে কটূক্তি করায় তিনি এক ট্রোলারের কড়া জবাব দিয়েছেন।
মৌনী সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোতে অনেক প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও আসে। অনেকেই তাঁর মুখের প্লাস্টিক সার্জারি নিয়ে মন্তব্য করেন। একজন ট্রোলার লেখেন, “আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জেন বেছে নেওয়া।”
যদিও মৌনী এর আগেও একাধিক সাক্ষাৎকারে প্লাস্টিক সার্জারির কথা অস্বীকার করেছেন, তবুও এই ধরনের গুজব থামেনি।
ট্রোলারের এই মন্তব্যটি দেখে চুপ থাকেননি মৌনী। তিনি এর জবাবে লেখেন, “জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ নিয়ে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। নইলে এটা এতটাও মূল্যবান নয়।”
প্রসঙ্গত, এর আগেও মৌনীর চেহারা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে যখন ‘ভূতনী’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়। তখন তাঁর মুখের পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। যদিও মৌনী এসব সমালোচনাকে পাত্তা দেন না। তিনি বলেছেন, “আমি এসব দেখিই না। সবাই যার যার কাজ করুক। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে কেউ ট্রোল করে আনন্দ পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।”