প্রেমিকার বিয়ের শাড়ি-কার্ড দেখে বুক ফাটল যুবকের! বেঙ্গালুরুতে বডি বিল্ডারের মর্মান্তিক পরিণতি

ভালোবাসার মানুষের বিয়ের কার্ড আর শাড়ি যে কারোর মৃত্যুর কারণ হতে পারে, তা ভাবেনি বেঙ্গালুরু। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মহালক্ষ্মী লে আউট এলাকা। তিন বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে প্রেমিকা জানিয়ে দিয়েছিলেন, তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে অন্য জায়গায়। সেই শোক সইতে না পেরেই নিজের জীবন শেষ করে দিলেন ২৬ বছর বয়সি প্রতিভাবান বডি বিল্ডার ও জিম ট্রেনার কিরণ।

পুলিশ সূত্রে খবর, গত তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল কিরণের। কিন্তু গত শনিবার যখন তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে যান, তখন স্বপ্নভঙ্গ হয় তাঁর। ওই তরুণী তাঁকে জানান যে ইতিমধ্যেই অন্য এক যুবকের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে। অভিযোগ, কিরণকে মানসিক যন্ত্রণা দিতে প্রেমিকা তাঁকে নিজের বিয়ের বেনারসি শাড়ি এবং আমন্ত্রনপত্রও (ওয়েডিং কার্ড) দেখান।

বাড়ি ফিরে চরম অবসাদে ভেঙে পড়েন কিরণ। নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেন তিনি। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে কিরণের নিথর দেহ। মৃত্যুর আগে একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন তিনি। সেখানে সরাসরি প্রেমিকা এবং তাঁর মায়ের বিরুদ্ধে তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন কিরণ।

পরিবারের দাবি, ওই তরুণী এবং তাঁর মা পরিকল্পিতভাবে কিরণের মানসিক অবস্থার ওপর আঘাত হেনেছিলেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এক লহমায় শেষ হয়ে গেল এক সম্ভাবনাময় শরীরচর্চাবিদের জীবন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy