প্রীতির ভাবমূর্তি নষ্টের চেষ্টা! AI জালিয়াতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন অভিনেত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে নিজের ব্যক্তিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গুগল (Google) এবং মেটা (Meta)-সহ একাধিক সংস্থার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। বম্বে হাইকোর্ট অভিনেত্রীকে এই মামলা দায়ের করার বিশেষ অনুমতি প্রদান করেছে।
আদালতে প্রীতির অভিযোগ: বিচারপতি অভয় আহুজার বেঞ্চে প্রীতি জিন্টার আইনজীবী রোহন কদম জানান, এআই ব্যবহার করে অভিনেত্রীর নামে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং চ্যাটবটের মাধ্যমে তৈরি নকল ব্যক্তিত্ব তাঁর ব্যক্তিগত অধিকার (Personality Rights) ও কপিরাইট আইনের চরম লঙ্ঘন করছে। এই ডিজিটাল কনটেন্টগুলি কেবল তাঁর সুনাম নষ্ট করছে না, বরং কপিরাইট আইনের আওতায় তাঁর নৈতিক অধিকারকেও খর্ব করছে।
কেন এই মামলা? অভিনেত্রীর পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয়েছে যে, প্রীতি জিন্টা একজন ভারতীয় নাগরিক এবং মুম্বই তাঁর কাজের জায়গা। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিকৃত কনটেন্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও, ঘটনার একটি বড় অংশ মুম্বইয়ের বিচারাধীন এলাকার মধ্যে পড়ে। তাই এই ঘটনার বিরুদ্ধে ন্যায়বিচার পাওয়ার অধিকার তাঁর রয়েছে। অভিযুক্ত সংস্থাগুলোর অফিস মুম্বইয়ের বাইরে হওয়া সত্ত্বেও, মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত এই অনুমতি দিয়েছে।
আদালতের নির্দেশ: আদালত জানিয়েছে, আবেদনকারীর পার্সোনালিটি রাইটস এবং সুনাম রক্ষার্থে এই মামলা দায়ের করার অনুমতি দেওয়া বাঞ্ছনীয়। আদালতের নির্দেশ অনুযায়ী, লেটার্স পেটেন্টের ধারা ১২ (Clause 12 of the Letters Patent) অনুযায়ী, প্রীতি জিন্টা এখন বম্বে হাইকোর্টে এই সংস্থাগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করতে পারবেন।
সম্প্রতি বিনোদন জগতে ডিপফেক ভিডিওর উপদ্রব নিয়ে একাধিক তারকা সরব হয়েছেন। প্রীতি জিন্টার এই আইনি পদক্ষেপ ভবিষ্যতে তারকাদের ব্যক্তিগত সুরক্ষা ও এআই নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা।