প্রিয়াঙ্কা-শাহরুখের সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন অ্যাডম্যান! কেন চুপ ছিলেন অভিনেত্রী, ফাঁস হল আসল কারণ

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে ‘ডন’ ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছিল। যদিও এ বিষয়ে প্রিয়াঙ্কা বা শাহরুখ কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি, এবার সেই নীরবতার পেছনের রহস্য ফাঁস করলেন প্রখ্যাত অ্যাডম্যান প্রহ্লাদ কক্কর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাম না করে প্রহ্লাদ জানান, প্রিয়াঙ্কার সেই সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর ছিল। আর সে কারণেই অভিনেত্রী এ নিয়ে কখনও একটি শব্দও উচ্চারণ করেননি। প্রহ্লাদের কথায়, “প্রিয়াঙ্কা খুব মিষ্টি এবং একজন অসাধারণ অভিনেত্রী। তার মধ্যে আত্মসম্মানবোধ এতটাই বেশি যে তিনি কাউকে তা স্পর্শ করতে দেননি। যদি এটি শুধু একটি সাধারণ বিষয় হতো, তিনি নির্দ্বিধায় হেসে উড়িয়ে দিতেন। কিন্তু যেহেতু এটি গুরুতর ছিল, তাই তিনি তাঁর মর্যাদা বজায় রেখেছিলেন।” প্রহ্লাদ আরও বলেন, প্রিয়াঙ্কা চাননি এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো আলোচনা বা লেখালেখি হোক।

প্রিয়াঙ্কার শুরুর দিনগুলোর কথা মনে করে প্রহ্লাদ কক্কর বলেন, মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময়ে তার কিছু সমস্যাও ছিল। প্রহ্লাদের ভাষ্যমতে, “প্রথমত, তাঁর গায়ের রং ছিল চাপা। দ্বিতীয়ত, তাঁর ত্বকও খুব ভালো ছিল না। তাঁর ত্বক খুব সাবধানে ঢেকে রাখতে হতো। এরপর তিনি ছিলেন একজন পেশীবহুল মেয়ে। ‘দোস্তানা’ ছবির জন্য তাঁকে অনেক ওজন কমাতে হয়েছিল।” প্রহ্লাদ জানান, আজকের প্রিয়াঙ্কা চোপড়া হতে তাঁকে বহু কিছুর ওপর কঠোর পরিশ্রম করতে হয়েছে।