প্রার্থী নিজেই প্রিসাইডিং অফিসার! ভোটের মুখে নির্বাচন কমিশনের এ কী কাণ্ড?

নির্বাচনী ময়দানে তিনি লড়ছেন পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে, অথচ খাতা-কলমে তিনিই আবার ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ‘প্রিসাইডিং অফিসার’। ভোট উৎসবের মুখে নির্বাচন কমিশনের এমনই এক চরম গাফিলতির সাক্ষী থাকল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা। এই ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

ফালাকাটার বিদায়ী বিজেপি বিধায়ক তথা বর্তমান প্রার্থী দীপক বর্মন পেশায় দেওগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ১৬ মার্চ বিজেপি তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। কিন্তু তার আগেই শিক্ষক হিসেবে তাঁর নাম প্রিসাইডিং অফিসারের তালিকায় নথিভুক্ত করেছিল কমিশন। বিভ্রান্তি চরমে ওঠে যখন গত ৪ এপ্রিল আয়োজিত ভোট কর্মীদের প্রশিক্ষণে তাঁকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকায় দীপকবাবু ওই ট্রেনিংয়ে অনুপস্থিত ছিলেন। এরপরই নিয়মমাফিক তাঁকে ‘কারণ দর্শানোর নোটিস’ বা শোকজ পাঠায় কমিশন।

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও জেলা নির্বাচনী আধিকারিক ময়ূরী বসু জানিয়েছেন, এটি সম্পূর্ণ ‘সিস্টেম জেনারেটেড’ বা পদ্ধতিগত ত্রুটি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কারো নাম পোলিং ডিউটিতে থাকলে তা দ্রুত বাদ দেওয়া হবে। প্রার্থী দীপক বর্মনও জানিয়েছেন, তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন এবং এটি দ্রুত মিটে যাবে বলেই তাঁর আশা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy