মাঠের ভেতরে বোলারদের ঘুম উড়িয়ে দেওয়া ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ এবার মাঠের বাইরে এক আবেগঘন ইনিংসের সূচনা করলেন। ভারত তথা বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবীশা শেট্টির কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান। আর মা হওয়ার এই বিশেষ দিন অর্থাৎ মাতৃদিবসকেই (Mother’s Day) বেছে নিলেন নিজের মেয়ের প্রথম ঝলক এবং নাম প্রকাশ্যে আনার জন্য।
২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি এবং বর্তমান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। সেখানে তিনি ও দেবীশা তাঁদের সদ্যোজাত কন্যাকে আদরে জড়িয়ে ধরে রয়েছেন। ছবির সাথে সূর্য জানিয়েছেন তাঁদের মেয়ের নাম— ‘আর্যা’ (Aarya)।
ছবির ক্যাপশনে সূর্যকুমার লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি এসে পৌঁছেছে। এই মাতৃদিবসে আমাদের ছোট রাজকন্যা আর্যা-কে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা ধন্য।” এই পোস্টটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের সতীর্থ থেকে শুরু করে ভক্তরা— প্রত্যেকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে।
উল্লেখ্য, সূর্যকুমার ও দেবীশা দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেবীশাকে বরাবরই সূর্যের সাফল্যের নেপথ্যের বড় শক্তি হিসেবে দেখা গেছে। এবার তাঁদের সংসারে নতুন সদস্যের আগমনে খুশি ক্রিকেট মহল।
অধিনায়ক হিসেবে সূর্যের ব্যাস্ততা তুঙ্গে থাকলেও, জীবনের এই নতুন পিচে তিনি যে দারুণভাবে ‘অপরাজিত’ ইনিংস শুরু করলেন, তা বলাই বাহুল্য। ডেইলিয়ান্ট-এর পক্ষ থেকে সূর্যকুমার এবং দেবীশাকে অনেক অনেক অভিনন্দন। খুদে আর্যা এবং তার মা-বাবার এই সুন্দর মুহূর্তটির আরও আপডেটের জন্য নজর রাখুন আমাদের পেজে।





