প্যান্ডেল হপিং নিয়ে আর নো চিন্তা! ৮০০ টাকার বাম্পার প্যাকেজ ঘোষণা পরিবহণ দপ্তরের

শরতের নীল আকাশে তুলোর মতো মেঘ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে উমা আগমনের দিন ঘনিয়ে এসেছে। হাটে-বাজারে কেনাকাটার ধুম, চারিদিকে আলোর রোশনাই। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই উৎসবে মাতবে তিলোত্তমা। আর এই শারদোৎসবে প্যান্ডেল দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও আরামদায়ক করতে দারুণ উপহার নিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তর (WBTC)। পুজোয় কীভাবে ঘুরবেন, কোথায় খাবেন কিংবা কীভাবে প্যান্ডেল হপিং করবেন—এসব নিয়ে আর মাথা ঘামাতে হবে না! বাস, এসি ট্রাম থেকে শুরু করে গঙ্গার বুকে লঞ্চে চড়ে শহরের নামজাদা বারোয়ারি এবং বনেদি বাড়ির পুজো ঘুরে দেখার জন্য একগুচ্ছ বিশেষ পরিক্রমা প্যাকেজ চালু করা হয়েছে।
এসপ্ল্যানেড, বারাসাত, টালিগঞ্জ কিংবা ব্যারাকপুর—বিভিন্ন প্রান্ত থেকে এই যাত্রা শুরু হবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন রুটে কী ব্যবস্থা রয়েছে:
১. শহরের রাজকীয় বনেদি বাড়ির পুজো পরিক্রমা
তারিখ: সপ্তমী (১৭ ও ১৮ অক্টোবর), অষ্টমী (১৯ অক্টোবর) ও নবমী (২০ অক্টোবর)।
সময় ও স্থান: এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে সকাল ৮টায় যাত্রা শুরু (রিপোর্টিং সময় সকাল ৭.৩০)।
দর্শনীয় স্থান: বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি ১ ও ২, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি (অষ্টমী বাদে), রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবারের ঐতিহাসিক পুজো।
ভাড়া: জনপ্রতি ২,৪০০ টাকা (৫-১০ বছরের শিশুদের জন্য ১,৮৫০ টাকা)।
২. কলকাতার ঐতিহ্যবাহী বনেদি পরিবার
তারিখ: সপ্তমী (১৭ ও ১৮ অক্টোবর) ও নবমী (২০ অক্টোবর)।
সময় ও স্থান: বারাসাত কলোনি মোড় থেকে সকাল ৮টায় যাত্রা শুরু।
দর্শনীয় স্থান: মানিকতলা ঘোষ ও সাহা পরিবার, কুমোরটুলি সেন পরিবার, শোভাবাজার রাজবাড়ি, চোরবাগান চট্টোপাধ্যায়, মিত্র ও শীল বাড়ি, জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ বাড়ি, জানবাজার চৌধুরী বাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি এবং লাহা বাড়ির পুজো।
ভাড়া: জনপ্রতি ২,৫০০ টাকা (৫-১০ বছরের শিশুদের জন্য ১,৯০০ টাকা)।
৩. বিলাসবহুল বাসে বারোয়ারি পুজো পরিক্রমা
তারিখ: সপ্তমী (১৭ ও ১৮ অক্টোবর) ও নবমী (২০ অক্টোবর)।
সময় ও স্থান: এসপ্ল্যানেড এবং বারাসাত থেকে সকাল ৯টায় বাস ছাড়বে।
দর্শনীয় স্থান: একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন ইত্যাদি।
ভাড়া: এসপ্ল্যানেড থেকে ২,৪০০ টাকা এবং বারাসাত থেকে ২,৫০০ টাকা।
৪. জলপথে গঙ্গার বুকে পুজো পরিক্রমা
তারিখ: সপ্তমী, অষ্টমী ও নবমী।
সময় ও স্থান: মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় লঞ্চ ছাড়বে।
দর্শনীয় স্থান: লঞ্চে হাওড়া জেটি ও আহিরীটোলা ঘাট ছুঁয়ে এসি বাসে ভ্রমণ। দেখানো হবে আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বলরাম মন্দির, মায়ের বাড়ি এবং বাগবাজার সর্বজনীন।
ভাড়া: জনপ্রতি মাত্র ৮০০ টাকা (৫ বছরের ঊর্ধ্বে)।
৫. এসি ট্রামে ঐতিহ্যবাহী পুজো সফর
তারিখ: সপ্তমী (১৭ ও ১৮ অক্টোবর) ও নবমী (২০ অক্টোবর)।
সময়: সকাল ১০টা।
দর্শনীয় স্থান: কাশি বোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া এবং সিংহী পার্ক।
ভাড়া: জনপ্রতি ৮০০ টাকা।
৬. কামারপুকুর ও জয়রামবাটি পরিক্রমা
তারিখ: অষ্টমী (১৯ অক্টোবর)।
সময়: ভোর ৪.১৫ মিনিটে বারাসাত এবং ভোর ৫টায় এসপ্ল্যানেড থেকে সিএনজি বাস ছাড়বে।
ভাড়া: এসপ্ল্যানেড থেকে ১,৫০০ টাকা এবং বারাসাত থেকে ১,৭০০ টাকা।
খাবারের বন্দোবস্ত ও টিকিট বুকিং পদ্ধতি:
শুধুমাত্র মণ্ডপ দর্শনই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে প্রাতরাশ, হারানো দিনের ঐতিহ্যবাহী বাঙালি পদের দুপুরের ভোজ, চা-কফি এবং পানীয় জল। প্রতিটি বাসে থাকবেন একজন করে গাইড (যাত্রী সহায়ক) এবং জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
কোথায় মিলবে টিকিট: এসপ্ল্যানেড ট্রাম ডিপো, কাঁকুড়গাছি S-3B বাস স্ট্যান্ড, যাদবপুর ৮বি, গড়িয়া ৬ নম্বর টার্মিনাস, বেহালা ১৪ নম্বর, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড় ও তিতুমীর বাস স্ট্যান্ড এবং পরিবহণ ভবনের অফিসে সরাসরি টিকিট পাওয়া যাবে।
অনলাইন ও হেল্পলাইন: পরিবহণ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট (WBTC Online Booking)-এ গিয়ে টিকিট বুক করা যাবে। প্রয়োজনে যোগাযোগ করুন ৯৮৩০১৭৭০০০ অথবা ০৩৩ ২২১৩-১২১২/১৩/১৪ নম্বরে।
বিশেষ দ্রষ্টব্য: সফরকালে সকল যাত্রীকে সাথে একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (Voter/Aadhaar ID) রাখা বাধ্যতামূলক।