৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! দুবাই থেকে ফেরার পথেই দিল্লি বিমানবন্দরে জালে অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হক!

চার বছরের এক অবুঝ শিশুর অস্ত্রোপচারের পর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হককে অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে আটক করল পুলিশ। জারি করা লুক আউট নোটিসের ভিত্তিতেই তাঁর এই গ্রেপ্তারির খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ভিন দেশে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। দুবাইয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর বুধবার দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে পাকড়াও করে ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

তদন্তকারী সূত্রে প্রকাশ, বর্ধমানের নবাবহাট এলাকার একটি নামী বেসরকারি হাসপাতালে চার বছরের এক শিশুর জটিল অস্ত্রোপচারের পর আচমকাই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পরই শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে ওই ভুয়ো চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং জাল নথিপত্র দেখে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। আইনানুগ ব্যবস্থা এড়াতে তড়িঘড়ি দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যান সাইদুল। এরপরই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (Look Out Circular) জারি করা হয়।

দিল্লি বিমানবন্দরে আটকের পর বর্তমানে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বর্ধমান থানার একটি বিশেষ পুলিশ দল তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আজ, বুধবারই বর্ধমানে নিয়ে আসছে। এই গ্রেফতারির ফলে বর্ধমান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মৃত শিশুর পরিবার ও এলাকাবাসী।