পৌরাণিক ছবির ইতিহাসে নতুন রেকর্ড! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির রানটাইম শুনলে চমকে যাবেন

বলিউডের মোস্ট অ্যাওয়েটেড প্রজেক্টগুলির মধ্যে অন্যতম হল পরিচালক নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। আগামী ৫ই নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই মেগা বাজেটের ছবিটির। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই ছবিটিকে ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে পৌঁছাচ্ছে। এর মাঝেই ফাঁস হয়ে গেল ছবিটির সম্ভাব্য রানটাইম বা দৈর্ঘ্য, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে অনুরাগীদের।
চলচ্চিত্র বাণিজ্য ও বক্স অফিস সংক্রান্ত সূত্রগুলির খবর অনুযায়ী, ‘রামায়ণ পার্ট ১’ ছবিটির সম্ভাব্য দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটি মহাকাব্যিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শকরা। তবে নির্মাতাদের পক্ষ থেকে বা সেন্সর বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি রানটাইম ঘোষণা করা হয়নি।
আগামী ২০শে অক্টোবর অর্থাৎ বিজয়া দশদীর দিনেই ছবিটির অগ্রিম বুকিং শুরু হতে চলেছে। তবে ভারতীয় দর্শকদের থেকে কিছুটা এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫শে অক্টোবর থেকেই শুরু হবে অগ্রিম টিকিট বুকিং। বিশ্বজুড়ে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স এবং ভারতে পরিবেশক হিসেবে থাকছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস।
ছবির কাস্টিং নিয়েও উৎসাহের শেষ নেই। রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে দক্ষিণী সেনসেশন সাই পল্লবীর পাশাপাশি রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির জটায়ু চরিত্রের লুক, যেখানে কণ্ঠ দিয়েছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। এছাড়া সানি দেওল (হনুমান), অরুণ গোভিল, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, লারা দত্ত এবং রবি দুবের মতো একঝাঁক তারকাকে এই ছবিতে দেখতে পাওয়া যাবে।