পেট্রোল ছাড়ুন, এবার ১০০% ইথানলেই ছুটবে গাড়ি! কেন্দ্রীয় সরকার আনল নতুন নিয়ম, গাড়ির মালিকরা সাবধান

দেশের অটোমোবাইল খাতে পরিবেশবান্ধব সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। এবার ১০০ শতাংশ বিশুদ্ধ ইথানল বা E100 চালিত যানবাহনগুলির জন্য ‘সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস, ১৯৮৯’-এ আনো হলো বিশেষ ঐতিহাসিক সংশোধন। এই আইনি স্বীকৃতির ফলে ভারতে ফ্লেক্স-ফুয়েল (Flex-fuel) চালিত যানবাহনের তালিকায় ইথানল চালিত গাড়িগুলি স্থায়ী জায়গা পেল।

মোটর ভেহিকেল আইনে ঠিক কী বদল এল?

কেন্দ্র সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস-এর রুল ১১৫ (Rule 115)-এ বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন ফ্লেক্স-ফুয়েল ক্যাটাগরিতে E85 জ্বালানি অন্তর্ভুক্ত থাকলেও, এই নতুন সংশোধনীর মাধ্যমে অফিশিয়ালি E100 বা ১০০% বিশুদ্ধ ইথানলকে নির্গমন বিধিতে যুক্ত করা হলো।

চলতি বছরের ২৭ এপ্রিল মন্ত্রকের তরফে প্রকাশিত খসড়া প্রস্তাবের পর সাধারণ মানুষের মতামত বিবেচনা করে এই চূড়ান্ত সংশোধনী কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই দেশজুড়ে অবিলম্বে প্রযোজ্য হয়েছে এই নিয়ম।

গাড়ির মালিক ও ক্রেতাদের জন্য কেন্দ্রের কড়া বার্তা

ইথানল চালিত গাড়ি ব্যবহারে সবুজ সংকেত দেওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতা ও যানবাহন মালিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে:

E85 এবং E100 জ্বালানি শুধুমাত্র সেই সমস্ত গাড়িতেই ব্যবহার করা যাবে, যেগুলি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEMs) দ্বারা বিশেষভাবে ‘ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল’ হিসেবে তৈরি বা ডিজাইন করা হয়েছে।

সাধারণ পেট্রোল চালিত ইঞ্জিনে কোনো রূপান্তর ছাড়াই সরাসরি E100 ব্যবহার করলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই শুধুমাত্র ইথানল-উপযোগী ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনে এই বিকল্প জ্বালানি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সবুজ শক্তিকে কাজে লাগিয়ে দূষণ কমানোর পাশাপাশি খনিজ তেলের ওপর নির্ভরশীলতা কমাতেই মোদী সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।