পূর্ব বর্ধমানের মেমারিতে পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু ৪ বছরের দুই খুড়তুতো ভাইয়ের

পূর্ব বর্ধমানের মেমারিতে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল দুই খুড়তুতো ভাইয়ের। মৃত শিশুদের নাম রাজদীপ হাজরা (৪) এবং শৌভিক হাজরা (৪)। এই মর্মান্তিক ঘটনায় মেমারির দেবীপুরের পূর্ব কাশিয়াড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রাজদীপ এবং শৌভিক বাড়ির অদূরে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পুকুর পাড়ে তাদের দেখা না গেলেও আশেপাশে তন্নতন্ন করে খোঁজা হয়। এরই মধ্যে, পুকুরের জলে দুটি শিশুর নিথর দেহ ভাসতে দেখা যায়।

দ্রুত তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যাওয়ার ফলেই শিশু দুটির সলিল সমাধি হয়েছে। একসঙ্গে দুই সন্তানের এমন পরিণতিতে ভেঙে পড়েছে পরিবার দুটি।