পূজোর আগেই সুখবর! ডুয়ার্স ভ্রমণে হোটেলের ভাড়ায় কর কমল, জেনেনিন কত?

শরতের শুরুতেই পর্যটকদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি (GST) নিয়মে হোটেল ভাড়ায় করের হার কমেছে। ফলে এবার ডুয়ার্স ভ্রমণে গেলে খরচ অনেকটা কম হবে। যারা বাজেট নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এটি দারুণ স্বস্তির খবর। এখন জমানো টাকায় আরও বেশি দিন ডুয়ার্স উপভোগ করা যাবে।
আগে ৭,৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় ১২ শতাংশ হারে জিএসটি দিতে হত। নতুন নিয়মে সেই হার কমে হয়েছে মাত্র ৫ শতাংশ। উদাহরণস্বরূপ, ৬,০০০ টাকার হোটেলে আগে কর দিতে হত ৭২০ টাকা, এখন লাগবে মাত্র ৩০০ টাকা। অর্থাৎ, প্রতি ট্রিপে সাশ্রয় হবে প্রায় ৪২০ টাকা।
উল্লেখ্য, ১,০০০ টাকার কম ভাড়ার হোটেলে কোনো জিএসটি দিতে হবে না। অন্যদিকে, যারা ৭,৫০০ টাকার বেশি দামের হোটেলে থাকবেন, তাদের জন্য করের হার আগের মতোই ১৮ শতাংশ থাকবে।
এই নতুন নিয়ম পর্যটকদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেই আগে অতিরিক্ত খরচের কারণে ভ্রমণ পরিকল্পনা বাতিল করতেন। এখন সেই সাশ্রয় করা টাকা দিয়ে বাড়তি এক-দু’টা জায়গা বেশি ঘোরা যাবে। ডুয়ার্সের হোটেল মালিকরাও খুব খুশি। তারা মনে করছেন, এতে শুধু তাদের ব্যবসাই বাড়বে না, বরং পুরো এলাকার অর্থনীতি চাঙ্গা হবে।
পর্যটকদের জন্য এখন ডুয়ার্স ভ্রমণের সেরা সময়। কাশফুলের ঢেউ, জঙ্গলের সবুজ আর নদীর পাশে বসে প্রকৃতি উপভোগ করার পাশাপাশি সস্তায় থাকার এই সুযোগ যেন পুজোর বাড়তি উপহার।